পিলখানা বিদ্রোহের বিচারে প্রথম অভিযোগ গঠন
৬৬৭ আসামির মধ্যে মাত্র ২৯ জনের দোষ স্বীকার
‘মহামান্য আদালত, ২৫ ফেব্রুয়ারির সকালের হুলস্থূলের সময় মানুষের চাপে আমি দরবার হলে থাকতে পারিনি। গোলাগুলি শুরু হলে সেখান থেকে পালিয়ে গিয়ে স্কুলের বারান্দায় অপেক্ষা করি। পরদিন পাঁচ নম্বর গেট দিয়ে পিলখানা থেকে পালিয়ে যাই। কারও অনুমতি ছাড়াই দরবার হল ত্যাগ করেছিলাম, মাননীয় আদালত। আমার ভুল হয়েছে, আমি দোষী।’ বিশেষ আদালতের কাছে এভাবে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন বিডিআরের ল্যান্স নায়েক নাজমুল হক।বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পর পরিবার যে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছে, তার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাজমুল। তাঁর মতো দোষ স্বীকার করেন আরও ২৮ জন। মাইক্রোফোন হাতে কথা বলার সময় তাঁদের প্রায় সবার চোখ ভিজে আসে। এসব জওয়ান বারবার তাঁদের চাকরি হারানোর আশঙ্কার কথা তুলে ধরে বলেন, চাকরি চলে গেলে তাঁদের পরিবার নিয়ে পথে বসতে হবে।২৪ রাইফেলের বিদ্রোহে জড়িত ৬৬৭ জন জওয়ানের মধ্যে গতকাল শনিবার বিশেষ আদালত-৫-এর কাছে দোষ স্বীকার করেন মাত্র ২৯ জন। বাকি ৬৩৮ জন নিজেদের নির্দোষ দাবি করেন। আদালত বিদ্রোহে জড়িত এসব জওয়ানের বিরুদ্ধে গতকাল অভিযোগ গঠন করেন। এখন তাঁদের বিচার শুরু হবে। বিদ্রোহের এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ ধার্য হয়েছে ৪ সেপ্টেম্বর। পিলখানায় বিদ্রোহের ঘটনায় গতকাল প্রথম অভিযোগ গঠন করা হলো।পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫-এর কার্যক্রম শুরু হয় গতকাল সকাল নয়টায়। দুই দফা বিরতি দিয়ে আদালত চলে বেলা তিনটা পর্যন্ত। সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। তাঁকে সহায়তার জন্য ছিলেন বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল এ কে এম গোলাম রাব্বানি ও মেজর সাইদ হাসান। আসামিদের পক্ষে বন্ধু হিসেবে (ফ্রেন্ড অব দ্য একিউজড) ছিলেন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার দুই কর্মকর্তা এবং ১৯ আইনজীবী। ২৪ রাইফেলের বিদ্রোহের বিচার শুরু হওয়ার পর ১ এপ্রিল ৬৬৮ জন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির জন্য ২০ জুন দিন ধার্য করেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। আসামিদের মধ্যে একজন মারা যাওয়ায় ৬৬৭ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করে শুনানি হয়। মৃত ওই বিডিআর সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত। ৬৬৭ জন জওয়ানের কার বিরুদ্ধে কী অভিযোগ, তা চার দিন ধরে শোনানো হয় বিশেষ আদালতে। অভিযোগ শোনা শেষ হওয়ার পর আসামিদের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা দোষী না নির্দোষ। কেউ দোষ স্বীকার করলে তাঁকে কথা বলার জন্য দুই মিনিট করে সময় দেওয়া হয়। আর যাঁরা নিজেকে নির্দোষ দাবি করেন, তাঁদের কোনো বক্তব্য দিতে দেওয়া হয়নি।ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আজিজ আহমেদ গতকাল সাংবাদিকদের বলেন, এসব আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সাক্ষ্যপ্রমাণ তুলে ধরবে। তাঁরা যে অপরাধ করেছেন, সে-সংক্রান্ত তথ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হবে। তবে যাঁরা দোষ স্বীকার করেছেন, তাঁদের আর কোনো জেরা করা হবে না। তাঁরা কোনো সুবিধা পাবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, দোষ স্বীকার করলে সব আদালত সেটা ভালো চোখে দেখে। এই আদালতও তার বাইরে নয়।সকালে আদালত শুরু হওয়ার পর আসামিদের কাছে জানতে চাওয়া হলে প্রথমে ১১ জন নিজেদের দোষী বলে উল্লেখ করেন। বেশির ভাগ জওয়ান উচ্চ স্বরে বলেন, তাঁরা নির্দোষ। বিরতির পর আদালত আবার কথা বলার সুযোগ দেন। শেষ পর্যন্ত ২৯ জওয়ান নিজেদের দোষী বলে জানান।জওয়ান আবদুর রউফ আদালতকে বলেন, ‘৩০ বছর ধরে চাকরি করছি। জীবনে কোনো অন্যায় করিনি। কিন্তু ২৫ তারিখের বিদ্রোহের পর পিলখানা থেকে পালিয়ে গেছি। বিদ্রোহের সময় বাসার কাছে তিনটি গ্রেনেড ও একটি অস্ত্র পড়ে থাকতে দেখে তা তুলে নিজের বাড়িতে রাখি।’ নিজের অসহায় অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর আমার পরিবার-পরিজন পথে পথে ঘুরছে।’ জওয়ান রিয়াজুল ইসলাম বলেন, ‘পিলখানা থেকে পালিয়ে মোহাম্মদপুর থানায় গিয়ে জানতে চেয়েছিলাম, কী করব। ওসি কিছুই জানাতে পারেননি।’ মোজাম্মেল হক বলেন, ‘আমি বিডিআরের নতুন সদস্য। কিছু না জানিয়েই সেদিন দরবার হল ত্যাগ করেছিলাম।’ জওয়ানেরা হাতমাইকে নিজেদের পরিচিতি নম্বর তুলে ধরে কথা বলেন।ল্যান্স নায়েক সহকারী বিল্লাল হোসেন বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে গোলাগুলির সময় দেখি গেঞ্জি পরে মেজর শাহ আলম দৌড়ে আসছেন। এ সময় একজন জওয়ান তাঁর কাছে কাঁদতে কাঁদতে বলেন, “স্যার, আমাদের কোত ও ম্যাগাজিন ভেঙে সব অস্ত্র ও গুলি লুট করছে”।’ আদালত প্রশ্ন করেন, ‘ওই সিপাইকে চেনেন?’ তিনি বলেন, ‘তাঁর নাম মাসুম, তিনি এ আদালতে নেই।’সুবেদার আব্বাস উদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়। বিদ্রোহের পর দুই সৈনিক আমাদের মারধর করেন। আমি বৃদ্ধ ও দুর্বল। অস্ত্র বহনের মতো শক্তি আমার শরীরে নেই। তা হলে এসব আমি করলাম কী করে?’ সুমন্ত চাকমা বলেন, ‘আমি বিডিআরে যোগ দেওয়ার মাত্র ১৯ দিনের মাথায় বিদ্রোহ হয়। আমি কোনো কিছুই বুঝতে পারিনি। অন্যরা যা করেছে তা-ই করেছি।’ জওয়ান জসিম বলেন, ‘আমার বাড়ির তিন দিকে সাগর, ঘরবাড়ি সব নদীতে। কোনো কিছুই নেই। চাকরি চলে গেলে আমাকে সাগরে ডুবতে হবে।’ এভাবে দোষ স্বীকার করা জওয়ানেরা তাঁদের দুঃখ-কষ্টের কথা আদালতের সামনে তুলে ধরেন। বেশির ভাগ জওয়ান কথা বলার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। আদালতও অনেক জওয়ানের কাছে ঘটনার পুরো বিবরণ জানতে চান। এরপর আদালত অভিযোগ গঠনের কথা ঘোষণা করেন।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে সময় পিলখানা ছাড়াও দেশের কয়েকটি স্থানে বিদ্রোহ হয়। বিডিআর আইনে বিদ্রোহের বিচারের জন্য গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ মোট ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে শুধু বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের বিচার হচ্ছে। এ আইনে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর সশ্রম কারাদণ্ড। এর আগে গত ২৪ নভেম্বর রাঙামাটিতে ১২ ব্যাটালিয়নের নয়জন জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার-প্রক্রিয়া শুরু হয়। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে। সেখানে অনেকের সর্বোচ্চ সাত বছর সাজাও হয়েছে।এর বাইরে পিলখানায় হত্যা ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসব অপরাধের তদন্ত করছে। এই মাসের মধ্যে এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হতে পারে।