৬৬৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে আজ শনিবার অভিযোগ গঠন করা হয়েছে। তাঁদের মধ্যে ২৯ জন বিদ্রোহে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অভিযুক্ত ৬৬৭ সদস্যের সবার কাছে জানতে চাওয়া হয় তাঁরা দোষী, না নির্দোষ। পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫-এ সকাল সোয়া নয়টার দিকে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে আদালতের কার্যক্রম শুরু হয়। চলে বেলা দুইটা পর্যন্ত। আদালত আগামী মাসের ৪ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে ২০ থেকে ২৩ জুন, চার দিনে ৬৬৭ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। ব্যাটালিয়নের অধিনায়ক কৌঁসুলি লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান আসামিদের বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণ ও সহায়তার অভিযোগ আদালতকে পড়ে শোনান। তিনি আসামিদের বিরুদ্ধে মহাপরিচালকের নির্দেশ অমান্য করে এবং বিদ্রোহ দমনে ভূমিকা পালন না করে দরবার হল ত্যাগ, অস্ত্রভান্ডার লুট, ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্ছিত করা, বৈঠক করে অন্যদের উসকে দেওয়া, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দেওয়া, সৈনিক লাইনের সামনে গিয়ে মাইক নিয়ে হুমকি দিয়ে নিরীহ সৈনিকদের বিদ্রোহে অংশ নিতে বাধ্য করা, অস্ত্র-গুলি ও মূল্যবান সামগ্রী লুট, গুলি করা, গাড়িতে মাইক লাগিয়ে সৈনিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়া, কর্তৃপক্ষকে বিদ্রোহের আগাম তথ্য না দেওয়া, বিচারের সময় আদালতকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা, কর্তব্য পালনে অবহেলা, গাড়িতে অগ্নিসংযোগে সহায়তাসহ নানা অভিযোগ আনেন।ব্যাটালিয়নের সুবেদার মতিউর রহমান ৬৬৮ জনকে আসামি করে এ মামলাটি করেন। ৩১ মার্চ মামলাটির বিচারকাজ শুরু হয়। এর মধ্যে গত ১৪ মে আসামি জয়নাল আবেদীন ভূঁইয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাকি আসামিরা ঢাকা কেন্দ্রীয় ও কাশিমপুর কারাগারে বন্দী আছেন।