বিডিআর বিদ্রোহের মামলায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বুধবার শেষ হয়েছে।আজ শুনানির চতুর্থ দিনে ৬৬৭ জনের মধ্যে বাকি থাকা ২৯২ জনের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়।এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫-এ হাজির করা হয়।সকাল সাড়ে নয়টার দিকে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে আদালতের কার্যক্রম শুরু হয়ে শেষ হয় বেলা আড়াইটার দিকে। শনিবার সকাল নয়টায় আবারও আদালতের কার্যক্রম শুরু হবে।ব্যাটালিয়নের অধিনায়ক কৌঁসুলি লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান আসামিদের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেওয়া এবং সহায়তার অভিযোগ আদালতকে পড়ে শোনান।গত রোববার থেকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয় এবং গত তিন দিনে ৩৭৫ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়।কৌঁসুলি শামসুর রহমান আসামিদের বিরুদ্ধে মহাপরিচালকের নির্দেশ অমান্য করা এবং বিদ্রোহ দমনে ভূমিকা পালন না করে দরবার হল ত্যাগ, অস্ত্রভান্ডার লুট, ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্ছিত করা, বৈঠক করে অন্যদের উসকে দেওয়া, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দেওয়া, সৈনিক লাইনের সামনে গিয়ে মাইক নিয়ে হুমকি দিয়ে নিরীহ সৈনিকদের বিদ্রোহে অংশ নিতে বাধ্য করা, অস্ত্র-গুলি ও মূল্যবান সামগ্রী লুট, গুলি করা, গাড়িতে মাইক লাগিয়ে সৈনিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়া, কর্তৃপক্ষকে বিদ্রোহের আগাম তথ্য না দেওয়া, বিচারের সময় আদালতকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা, কর্তব্য পালনে অবহেলা, গাড়িতে অগ্নিসংযোগে সহায়তাসহ নানা অভিযোগ আনেন।ব্যাটালিয়নের সুবেদার মতিউর রহমান ৬৬৮ জনকে আসামি করে এ মামলাটি করেন। ৩১ মার্চ মামলাটির বিচারকাজ শুরু হয়। এর মধ্যে গত ১৪ মে আসামি জয়নাল আবেদীন ভূঁইয়া হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাকি আসামিরা ঢাকা কেন্দ্রীয় ও কাশিমপুর কারাগারে বন্দী।