৬৭ জনের মৃত্যুর দায় জামায়াত-বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর সারা দেশে তাণ্ডব ও সহিংসতায় জামায়াতে ইসলামীর পাশাপাশি বিএনপিকেও দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তবে নিরাপত্তা বাহিনী যথাযথ পদক্ষেপ নেওয়ায় সারা দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেছেন। আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে তিনি দেশের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে সরকারের বক্তব্য তুলে ধরেন। গত বৃহস্পতিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত পুলিশসহ ৬৭ জন নিহত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেআইনি কার্যকলাপ চালাতে উসকানিদাতা জামায়াত ও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের এই মৃত্যুর দায় নিতে হবে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির জন্য ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনের আওতায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’স্বরাষ্ট্রমন্ত্রী দেশের নাগরিকদের পরম সহিষ্ণুতা, ধৈর্য ও সাহসিকতা দেখিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় যেকোনো অনভিপ্রেত ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করে তাদের নাগরিক ও সাংবিধানিক দায়িত্ব পালনে আন্তরিকভাবে এগিয়ে আসার জন্য সরকারের পক্ষে আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশে সকল প্রকারের হিংসাত্মক ঘটনা, নৈরাজ্য ও দুষ্কৃতি দমনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’গত বৃহস্পতিবার জামায়াত-শিবিরের সহিংসতা শুরু হওয়ার ছয় দিনের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে সরকারিভাবে বক্তব্য তুলে ধরলেন। এত দিন ধরে প্রাণহানি, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, সম্পদের ক্ষতিসাধন ও ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকলেও সরকারের পক্ষ থেকে বক্তব্য বা প্রেসনোট ছিল না। রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে, বর্তমান পরিস্থিতি কেবল সরকারের একার পক্ষে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। কিন্তু জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ৫০ মিনিটের দীর্ঘ বক্তব্যে নানা বিষয় থাকলেও দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের দল ও সংগঠন, নাগরিক ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা বা মতবিনিময়ের কোনো প্রস্তাব ছিল না। এমনকি তিনি এসব দলকে জামায়াত-শিবিরের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ারও কোনো উদ্যোগ নেওয়ার কথা বলেননি। তবে দেশবাসীকে তিনি জামায়াত-শিবিরের সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, জামায়াতে ইসলামী দলগত ও গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক দল কর্তৃক অনুসরণীয় আইন ও নীতিমালা লঙ্ঘন করে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। এটা কেবল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে অপতত্পরতা চালানোর শামিল।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গত কয়েক দিনে জামায়াত-শিবিরের ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরে এ সময় বলেন, ‘জামায়াত-শিবিরের অশুভ চক্র চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পল্লী বিদ্যুতের অফিস এবং সমিতির আবাসিক এলাকায় ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা মামুনকে জামায়াত-শিবিরের কর্মীরা হত্যা করে। তার বাসায় হামলা চালিয়ে তাকে জখম করা হয়। পরে হাসপাতালের নেওয়ার পথে মামুন মারা যায়।’ তিনি বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী থানায় দুলাল সেনের বাড়িতে আগুন দেয় জামায়াত-শিবিরের নেতারা। তাঁর শ্বশুর বাধা দিলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। পরে তিনি মারা যান।’