৬৮ চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে
কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলার দায়ে ৬৮ জন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গতকালই মন্ত্রণালয় থেকে ওই চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।সূত্র জানায়, গত শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০টি পরিদর্শক দল দেশের নয়টি জেলার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাসেবার কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলা করেন এমন ৬৮ জন চিকিৎসককে শনাক্ত করে।পরিদর্শন করা জেলাগুলোর মধ্যে রয়েছে: গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, টঙ্গী ও কাপাসিয়া; নরসিংদীর শিবপুর; টাঙ্গাইলের মির্জাপুর; মানিকগঞ্জের সাটুরিয়া ও ঘিওর; কুমিল্লার তিতাস ও দাউদকান্দি; চাঁদপুর সদর; ঢাকার নবাবগঞ্জ; মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান এবং নারায়ণগঞ্জ সদর, সোনারগাঁ ও জেনারেল হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একজন করে কর্মকর্তা প্রতিটি পরিদর্শক দলের নেতৃত্বে ছিলেন।সূত্র জানায়, সরেজমিনে পরিদর্শনের সময় হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার চিত্র চোখে পড়ে পরিদর্শক দলের। এ সময় হাসপাতালের অন্যান্য সমস্যাও চিহ্নিত করা হয়। সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে সুপারিশও পেশ করে পরিদর্শক দলগুলো। গতকাল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যসচিব মুহম্মদ হুমায়ুন কবির ও অতিরিক্ত সচিব এ কে এম আমির হোসেন, যুগ্ম সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, দেশের অনেক সরকারি হাসপাতালেই চিকিৎসকেরা দায়িত্বে অবহেলা করেন। এমনকি কর্মক্ষেত্রে ঠিকমতো উপস্থিতও থাকেন না। সারা দিন অপেক্ষা করেও সেবা না পেয়ে হাসপাতাল থেকে ফিরে যায় রোগীরা।