নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার সাতজন আসামি আজ বুধবার আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁরা বড়াইগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, সানাউল্লাহ নূর হত্যা মামলার আসামি মো. রেজাউল করিম ওরফে রিকন (২৫), হাসেম মৃধা (৩৪), গৌতম ঘোষ (২২), আবদুল মালেক (২৮), হাবিব (২৪), বাবলু মোল্লা (২৪) ও বাবু (২৫) বেলা সাড়ে ১১টার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মামলার এজাহারে এই আসামিদের নাম উল্লেখ রয়েছে।আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান ও আরিফ সরকার তাঁদের জামিনের আবেদনে বলেন, ‘তাঁরা নির্দোষ। তাঁরা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। রাজনৈতিক কারণে তাঁদের আসামি করা হয়েছে।’ রাষ্টপক্ষে পুলিশের কোর্ট উপপরিদর্শক (সিএসআই) রুহুল আমিন আসামিদের জামিনের আবেদনের বিরোধিতা করেন। তিনি আদালতকে বলেন, ‘এটি একটি স্পর্শকাতর মামলা। প্রকাশ্য দিবালোকে আসামিরা চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। আসামিদের জামিন দিলে এজাহারকারীর পক্ষে মামলাটি পরিচালনা করা কষ্টকর হয়ে পড়বে।’উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মাহমুদুল হাসান আসামিদের জামিনের আবেদন নাকচ করেন। তিনি আসামিদের হাতকড়া পরিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের দায়িত্বরত পুলিশ প্রথমে তাঁদের কোর্টের হাজতে, পরে কারাহাজতে পাঠিয়ে দেন।প্রসঙ্গত, গত ৮ অক্টোবর সকালে জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে সন্ত্রাসীদের হামলায় বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর নিহত হন। এ ব্যাপারে নিহত নূরের স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে ২৭ জনের নামসহ ৪৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পরে ২৮ অক্টোবর তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে নাম উল্লেখ করে আরও ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ দাখিল করেন। এসব আসামির মধ্যে পুলিশ এজাহারভুক্ত আসামি ছাত্রলীগের কর্মী রাসেল হোসেন ওরফে রাপ্পুকে গ্রেপ্তার করে। পরে গোয়েন্দা পুলিশ ঢাকা থেকে আসামি আশরাফুল ইসলাম ওরফে মিঠু, লুত্ফর রহমান ওরফে বাবু ও বাদশাকে গ্রেপ্তার করে।