৭ কোটি টাকার কাজ ভাগবাটোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা গণপূর্ত বিভাগের বিরুদ্ধে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ও গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন নির্মাণকাজে দরপত্র ঘাপলার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটি বিধিবহির্ভূতভাবে গোপন দরপত্র আহ্বান করে প্রায় সাত কোটি টাকার কাজ ঠিকাদারদের মধ্যে ভাগবাটোয়ারা করেছেন। এমনকি এসব কাজের কার্যাদেশ প্রদানেরও পাঁয়তারা চলছে। এ নিয়ে কাজবঞ্চিত ঠিকাদারেরা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে এসব দরপত্র বাতিল করে পুনঃদরপত্র আহ্বানের দাবি জানানো হয়। গাইবান্ধা গণপূর্ত বিভাগ সূত্র জানায়, চলতি অর্থবছর গণপূর্ত বিভাগ প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট নির্মাণের কাজ হাতে নেয়। এই প্রকল্পের কাজে প্যাকেজ দরপত্র আহ্বান করার কথা। কিন্তু কাজের সুবিধার্থেই গত ৫ আগস্ট কেবল মূল ভবন নির্মাণের প্রকাশ্য দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় ধরা হয় দুই কোটি পাঁচ লাখ টাকা।অবশিষ্ট দুই কোটি ৯৫ লাখ টাকায় প্রকল্পের অন্যান্য কাজ যেমন ভবনে বিদ্যুৎ সংযোগ, স্যানিটারি, অভ্যন্তরীণ রাস্তা, মাটি ভরাট, সোলার সিস্টেম কাজের জন্য একাধিক গ্রুপে গোপন দরপত্র আহ্বান করা হয়। ফলে সিন্ডিকেটভুক্ত একাধিক ঠিকাদারেরাই কাজ পান। বঞ্চিত হন সাধারণ ঠিকাদারেরা। এ রকমই একজন ঠিকাদার শহরের ভিএইড রোডের আবু খায়ের বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীরা মোটা অঙ্কের পিসি (পারসোনাল কমিশন) নেওয়ার জন্য একাধিক দরপত্র আহ্বান করে সিন্ডিকেটভুক্ত ঠিকাদারদের মধ্যে কাজ ভাগবাটোয়ারা করেন। তাঁরা কার্যাদেশ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন। এতে সাধারণ ঠিকাদারেরা কাজ থেকে বঞ্চিত হয়েছেন। অভিযোগে জানা যায়, ৬ সেপ্টেম্বর দরপত্র দাখিলের শেষ দিনে মোট ১৬টি দরপত্র দাখিল হয়। ওই দিন ওপেনিং শিটে সর্বনিম্ন দরের মধ্যে পাঁচটি দর বিশ্লেষণ করে দেখা যায়, প্রথম দরদাতা এক কোটি ৬৮ লাখ টাকা, দ্বিতীয় দরদাতা এক কোটি ৭১ লাখ টাকা, তৃতীয় দরদাতা এক কোটি ৭৬ লাখ টাকা, চতুর্থ দরদাতা এক কোটি ৭৭ লাখ টাকা, পঞ্চম দরদাতা এক কোটি ৮০ লাখ টাকা দর দিয়ে দরপত্র দাখিল করেন। সর্বোচ্চ দরদাতাদের মধ্যে প্রথম দরদাতা দুই কোটি পাঁচ লাখ টাকা, দ্বিতীয় দরদাতা দুই কোটি চার লাখ টাকা ও তৃতীয় দরদাতা দুই কোটি তিন লাখ টাকা দর দেন। নিয়মানুযায়ী সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার কথা। কিন্তু স্থানীয় এক জনপ্রতিনিধির মধ্যস্থতায় সংশ্লিষ্ট প্রকৌশলী সিন্ডিকেডভুক্ত ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে ১৩টি দরপত্র বাতিল করে। অন্য তিনটি দরপত্র ঠিক আছে হিসেবে গণ্য করা হয়। এই ঘটনার তিন সপ্তাহ পর মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে নির্বাহী প্রকৌশলী সর্বোচ্চ তৃতীয় দরদাতাকে (দুই কোটি তিন লাখ) ২৬ সেপ্টেম্বর কার্যাদেশ প্রদানের সুপারিশ করেন। তিনি এই সুপারিশ দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও গণপূর্ত বিভাগ রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশার খানের বরাবর প্রেরণ করেন। এসব অনিয়ম-দুর্নীতির প্রতিকার চেয়ে দুজন নিম্ন দরদাতা ঢাকার রাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজাউল করিম রাজু এবং বগুড়ার আর-এন জয়েন্ট ভেঞ্চারের মালিক পৃথকভাবে দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেন। এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশার খান বলেন, দরপত্র মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই করে যাঁর দরপত্রে কাগজপত্র সঠিকভাবে পাওয়া যাবে, তাঁকে কার্যাদেশ প্রদানের সুপারিশ করা হবে। তার পরও সঠিক হিসেবে গণ্য করা ওই তিনটি দরপত্রের কাগজপত্র যাচাই-বাছাই চলছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, যে দুজন ঠিকাদার অভিযোগ করেছিলেন, তাঁদের কাগজপত্র সঠিক নয়। তাই তাঁদের অভিযোগ গ্রহণযোগ্য হয়নি।অপরদিকে একই কায়দায় বিধিবহির্ভূতভাবে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন নির্মাণকাজের একাধিক গ্রুপে গোপন দরপত্র আহ্বান করা হয়। এই কাজটি সিন্ডিকেটভুক্ত ঠিকাদারদের মধ্যে ভাগবাটোয়ারা করা হয়েছে। এই কাজেরও কার্যাদেশ দেওয়ার পাঁয়তারা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার অভিযোগ করেন, এভাবে দরপত্র ঘাপলার মাধ্যমে প্রায় সাত কোটি টাকার দুটি কাজই ভাগবাটোয়ারা করা হয়েছে। এ ছাড়া দরপত্র ঘাপলার কারণে সরকারের বিপুল পরিমাণ টাকা গচ্চা গেছে। এসব কাজের গুণগত মানও ভালো হবে না বলে আশঙ্কা রয়েছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এসব অনিয়মের জন্য গত ২৪ নভেম্বর উপসচিব ও প্রকল্প পরিচালক গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে একাধিক গ্রুপে দরপত্র আহ্বান মোটেও কাঙ্ক্ষিত নয় বলে জানান এবং পুনরায় প্যাকেজ দরপত্র আহ্বানের অনুরোধ করেন। কিন্তু সে অনুরোধ এখনো বাস্তবায়িত হয়নি। এ প্রসঙ্গে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম জালাল উদ্দীন উৎকোচ গ্রহণ, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ ও কাজ ভাগবাটোয়ারার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, যথানিয়মে দরপত্র আহ্বান করা হয়েছে। নিয়মানুযায়ী কার্যাদেশও দেওয়া হবে।নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ঠিকাদার জানান, ফায়ার স্টেশন নির্মাণকাজে প্যাকেজ দরপত্র আহ্বানের কথা। কিন্তু নির্বাহী প্রকৌশলী শুধু মূল ভবনের প্রকাশ্য দরপত্র আহ্বান করেন। কয়েকজন বিশেষ ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য মূল ভবন ছাড়াও বিদ্যুতের সংযোগ, সেনেটারি, অভ্যন্তরীণ রাস্তা, মাটি ভরাটসহ অন্যান্য কাজের দরপত্র বিধিবহির্ভূতভাবে একাধিক গ্রুপে গোপন দরপত্র আহ্বান করেন। ঠিকাদারদের সঙ্গে তাঁর অলিখিত চুক্তি অনুযায়ী এই কাজও তাদের পাইয়ে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন। এমনকি কাজ পাওয়া ঠিকাদারেরা অনেক কাঠখড় পুড়িয়ে কাজ পেয়েছেন বলে প্রচারণা চালাচ্ছেন। তাঁরা আরও অভিযোগ করেন, ঠিকাদার-প্রকৌশলী সমঝোতার কারণে ১৩টি দরপত্র বাতিল করা হয়।এসব অনিয়মের অভিযোগ এনে কাজবঞ্চিত গাইবান্ধার পাঁচজন ঠিকাদারসহ ১০১ ব্যক্তি স্বাক্ষরিত লিখিত অভিযোগ প্রধানমন্ত্রী, রংপুর বিভাগের কমিশনার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, দুর্নীতি দমন কমিশনের সচিব, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও গণপূর্ত বিভাগ রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবরে দাখিল করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলী অ্যান্ড সন্স, আবু খায়ের, এসএম রুহুল এন্টারপ্রাইজ, রয়েল কনস্ট্রাকশন ও মেসার্স নিসাত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এ আবেদন পাঠায়।