৭ ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে আজ সোমবার বেলা একটার পর থেকে দক্ষিণাঞ্চলের মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। সকালে নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে কর্তৃপক্ষ ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়। নদীতে প্রবল স্রোত থাকায় ড্রেজিং কার্যক্রমও বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।আজ ভোরে থেকে ‘রানীগঞ্জ’ নামের ফেরিটি কয়েকটি নৈশকোচসহ মাঝ নদীতে আটকা পড়ে। গতকাল রোববার রাতে রোরো ফেরি ভাষাশহীদ বরকত মাওয়া থেকে কাওড়াকান্দি আসার পথে মাঝ নদীতে আটকে যায়। প্রায় তিন ঘণ্টা পর রাত ১২টার দিকে সেটি তীরে আসতে সক্ষম হয়। ফেরির একজন নাম প্রকাশে অনিচ্ছুক মাস্টার বলেন, পদ্মায় বিপুল ডুবোচর দেখা দিয়েছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ফেরি চলাচল শুরু হলেও তার গতি খুবই স্লথ। যে কোনো সময় আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং ডুবোচরে ফেরি আটকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।বিআইডব্লিউটিসির মাওয়া-কাওড়াকান্দি রুটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুর রহমান বলেন, প্রচণ্ড স্রোত ও নাব্যতা সংকট দেখা দেওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তবে ড্রেজিং করে ঈদের আগে স্বল্পদীর্ঘ চ্যানেলটি চালু করা যাবে বলে তিনি দাবি করেন।বিআইডব্লি¬উটিএ ও বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, এক মাস আগে ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে রুটটির হাজরা ক্রস চ্যানেলটি বন্ধ হয়ে যায়। এরপর ফেরিগুলো প্রায় ২০ কিলোমিটার ঘুরে মাগুরখণ্ড-নাওডোবা চ্যানেল দিয়ে চলাচল করে। এদিকে বন্ধ ক্রস চ্যানেলটি চালু করতে ১৪ জুলাই থেকে ড্রেজিং শুরু করে। এরপর আবার মাগুরখণ্ড-নাওডোবা চ্যানেলটিতেও ডুবোচর দেখা দিলে গত ২৫ জুলাই থেকে সেখানে ড্রেজিং শুরু করে। কিন্তু পদ্মায় তীব্র স্রোত থাকায় ড্রেজিং কার্যক্রম ব্যাহত হচ্ছিল। ফলে ফেরিগুলোকে ঘুরে খুঁড়িয়ে খুঁড়িয়ে দীর্ঘ নৌপথ পাড়ি দিতে হতো।