৭ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত বিনিয়োগকারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে স্থিতিশীলতা আনার দাবিতে ঘোষিত ৭ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করেছেন বিনিয়োগকারীরা। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে ১০ দফা প্রস্তাব তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর রশিদ চৌধুরী।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শেয়ারবাজার নিয়ে সরকার-ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ও পর্যালোচনার জন্য মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। এ ছাড়া ওই দিন বিনিয়োগকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি থাকায় মহাসমাবেশ স্থগিত করা হয় বলে বক্তব্যে উল্লেখ করা হয়।সংবাদ সম্মেলনে প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে রয়েছে, বাজারে স্থিতিশীলা ফিরিয়ে আনতে সব পক্ষের যথাযথ ভূমিকা রাখা; ধারাবাহিক পতন রোধে সূচকের নিম্নমুখী সীমা নির্ধারণ; প্রণোদনা প্যাকেজের সব সিদ্ধান্তের দ্রুত গেজেট আকারে প্রকাশ বা প্রজ্ঞাপন জারি; প্রস্তাবিত উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ক্রয় আগামী ৩০ কর্ম দিবসের মধ্যে সম্পন্ন করা; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারবাজারে আরও সক্রিয় করা; বাজারে বিদ্যমান বিভিন্ন নেতিবাচক গুজব প্রচারকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা; প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর ক্ষেত্রে অভিহিত মূল্যের দ্বিগুণের বেশি টাকা না নেওয়া ও বাজারের বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেক ব্রোকারেজ হাউসকে ‘স্ট্র্যাটেজিক ইকোনমি ইনভেস্টমেন্ট’ হিসেবে কমপক্ষে ১৫ কোটি টাকা বিনিয়োগ করা।