৭ দিন ছুটি, টিকিট মিলবে তো!
সাধারণের চাহিদা অনুযায়ী নয়, নিজস্ব নিয়মে অগ্রিম টিকিট ছাড়বে বাংলাদেশ রেলওয়ে। একই ঘটনা বাস কাউন্টারগুলোতেও।১৫ আগস্ট বুধবার জাতীয় শোক দিবস। ১৬ আগস্ট পবিত্র শবে কদর। দুই দিনই সরকারি ছুটি। এরপর শুক্র-শনি সাপ্তাহিক ছুটি। ১৯ থেকে ২১ আগস্ট ঈদের ছুটি। এভাবে টানা সাত দিন বন্ধ। ঈদের পরে ২২ ও ২৩ আগস্ট দুই দিন অফিস খোলা। এই দুই দিন ঐচ্ছিক ছুটি মিললে টানা ১১ দিন ছুটি কাটানো যাবে। ফলে সরকারি চাকরিজীবীরা ১৪ আগস্ট রাতের টিকিট পেতে মরিয়া।রেলওয়ে ৫ থেকে ৯ আগস্ট ঈদের অগ্রিম টিকিট দেবে ১৪ থেকে ১৮ আগস্ট ভ্রমণের জন্য। প্রতিবারের মতো এবারও অতিরিক্ত ট্রেন চালু করা হবে। মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাসস্ট্যান্ডে অগ্রিম টিকিট বিক্রি এখনো শুরু হয়নি।গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, গাবতলীতে উত্তরবঙ্গের গাড়ি, বিশেষ করে লালমনিরহাট, দিনাজপুর, রাজশাহী কোথাও ১৩, ১৪ ও ১৫ আগস্ট রাতের টিকিট নেই, বিক্রি শেষ। অতি কষ্টে ১৩ ও ১৪ আগস্ট দিনের গাড়িতে কয়েকটি বাতিল করা সিটের টিকিট মিলেছে। এসি, নন-এসি সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে ১৫, ১৬, ১৭ ও ১৮ আগস্টের বাসের সিট রয়েছে অনেক। একই ঘটনা ফকিরাপুলের চট্টগ্রাম-কক্সবাজার রুটের বাসের টিকিটের।ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর বাড়ি রাজশাহীতে। তাঁরা ১৩ আগস্ট রাতের টিকিট পেয়ে যেন হাতে ঈদের চাঁদ পেয়েছেন। যদিও তাঁদের সিট বাসের একদম পেছনে। ভ্রমণের কষ্টের চেয়ে বাড়ি যাওয়ার আনন্দ অনেক বেশি।শ্যামলীতে কুষ্টিয়া রুটে ১৩, ১৪ তারিখ রাতের টিকিট নেই, কাউন্টার থেকে বলা হলেও ইশারায় দালালকেও চিনিয়ে দেওয়া হলো। টিকিটপ্রতি ১৫০ টাকা বেশি দামে তাঁর হাতে গোটা বিশেক টিকিট আছে। বেশি দামে সদ্য টিকিট কিনে যেন লটারি জিতেছেন নার্গিস ও তাঁর ভাই। তাঁরা বলেন, ‘টাকা দিয়ে কী হবে, টিকিট তো পেলাম। বাড়ি গিয়ে মায়ের হাতের রান্না খেতে পারব, এর চেয়ে বেশি আর কী চাই।’বিভিন্ন বাস টার্মিনালে ১৩, ১৪ ও ১৫ আগস্টের টিকিটের হাহাকার দেখা গেলেও মহাখালী টার্মিনালের চিত্র ভিন্ন। যাত্রী প্রায় নেই। কাউন্টারগুলোতে টিকিট বিক্রেতাদের কেউ ঘুমাচ্ছেন, কেউ খবরের কাগজ পড়ছেন। যাত্রী নেই কেন? জানতে চাইলে গোলাপপুর পরিবহন কাউন্টারের জহির জানান, এদিকের যাত্রীরা সাধারণত শেষ সময়ে বাড়ি যায়। ঈদের আগের দু-এক দিন হয়তো একটু চাপ বাড়বে।কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ট্রেনে ১৩, ১৪ আগস্ট দিন-রাত এবং ১৫ তারিখ দিনের টিকিটের চাহিদা বেশি। শুক্রবার লাইনে দাঁড়িয়েই ইফতার সারেন ক্রেতারা। এখনো রেলের নির্ধারিত অগ্রিম টিকিট বিক্রি শুরু না হলেও চাপ সামলাতে ইফতারের সময়ও কাউন্টার খোলা রেখেছে রেল কর্তৃপক্ষ।চট্টগ্রামের টিকিট কিনতে ছেলেকে নিয়ে অপেক্ষা করছিলেন মো. মহিউদ্দিন। প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অনেক কষ্টে পাহাড়িকার তিনটি টিকিট পেয়েছেন তাঁরা।বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রেহানা। ঈদের ছুটিতে সিলেটে পরিবারের সঙ্গে আগেই দেখা করতে পারবেন, সেই আনন্দে শুধু পানি দিয়ে ইফতার সেরেছেন। তবু লাইন ছাড়লেন না। কারণ, ১৪ তারিখ অফিস করেই ঢাকা ছাড়তে চান তিনি।স্টেশন মাস্টার নৃপেন্দ্র সাহা প্রথম আলোকে জানান, ৫ আগস্ট বিক্রি হবে ১৪ আগস্টের অগ্রিম টিকিট। ৬ আগস্ট ১৫ তারিখের, ৭ আগস্ট ১৬ তারিখের, ৮ আগস্ট ১৭ তারিখের এবং ৯ আগস্ট বিক্রি হবে ১৮ তারিখের টিকিট। কাউন্টার থেকে জানা যায়, বিভিন্ন গন্তব্যের জন্য প্রায় ১৫ হাজার অগ্রিম টিকিট ছাড়া হবে। চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, দেওয়ানগঞ্জ বাজার, কিশোরগঞ্জ, পার্বতীপুর, খুলনা রুটে অতিরিক্ত ট্রেন চালু করা হবে।