৭ দিনে অভিযোগপত্র, ৬০ দিনে বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিচার ৬০ দিনেই শেষ করতে চায় সরকার। গতকাল বৃহস্পতিবার এ ধরনের দুটি মামলায় দ্রুত বিচার আইনে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি এ টি এম আজহারুল ইসলামসহ দেড় শতাধিক নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করার সাত দিন পর গতকাল দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় অভিযোগপত্র দাখিল করল পল্টন থানা ও রমনা মডেল থানার পুলিশ।সরকারি সূত্র বলছে, জামায়াতে ইসলামীর গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের বিচার দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে সরকার। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে গতকাল এই অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারে সাজা হলে জামায়াতে ইসলামীর তৎপরতা কিছুটা কমে যাবে বলে সরকার মনে করছে।ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী নজিবুল্লাহ প্রথম আলোকে বলেন, দ্রুত বিচার আইনের ১০(২) ধারায় পুলিশ বা তদন্ত সংস্থা অভিযোগপত্র দাখিল করার পর থেকে ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ শেষ করার বাধ্যবাধকতা আছে। তবে কোনো আসামি পলাতক থাকলে বিচার ৬০ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। এই আইনে অপরাধী ও সহায়তাকারীর সর্বোচ্চ পাঁচ বছর সাজার বিধান রয়েছে। এ ছাড়া কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এতে ক্ষতিগ্রস্ত হলে আদালত ক্ষতিপূরণ হিসেবে অর্থদণ্ডাদেশ দিতে পারেন।পুলিশ জানায়, রমনা থানার উপপরিদর্শক (এসআই) জাফর আলী গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর এক ঘণ্টা পর পল্টন থানার এসআই রফিকুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেন। আদালত সূত্র জানায়, রমনা মডেল থানার মামলায় ১২০ জন এবং পল্টন থানার মামলায় দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ টি এম আজহারুল দুটি মামলাতেই আসামি। সাক্ষী করা হয়েছে ৪৭ জনকে।অভিযোগপত্রে বলা হয়, আসামিরা রাজপথে ভয়ভীতি প্রদর্শনের জন্য বেআইনিভাবে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এ ছাড়া আসামিরা শক্তির মহড়া দেখিয়ে ত্রাস সৃষ্টি ও পুলিশের কাজে বাধা এবং সরকারি-বেসরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব অপরাধে দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াতে ইসলামীর ১২ জন কেন্দ্রীয় নেতাসহ দু-তিন হাজার নেতা-কর্মীকে আসামি করে নয়টি মামলা করা হয়। পাঁচটি মামলা করে পুলিশ এবং চারটি করেন ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকেরা। এ ঘটনায় আটক ৩৩৫ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন চারটি মামলায় গ্রেপ্তার হওয়া ১৮৩ জনকে ১৯ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন: জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনিম আলম, কর্মপরিষদের সদস্য ইজ্জত আলী, আবদুর রব, জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফ, এ কে এম নাজির আহমদ, মুজিবুর রহমান, শফিকুর রহমান, এ টি এম মাসুম, ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম, আবদুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফখরুদ্দিন মানিক ও সেক্রেটারি জেনারেল দেলোয়ার হোসেন।জানতে চাইলে মহানগর পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, একটি মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাকের নাম ছিল। কিন্তু তিনি দেশের বাইরে থাকায় তাঁকে বাদ দেওয়া হয়েছে। একইভাবে আবদুস সোবহান, মীর কাসেম আলী, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও হামিদুর রহমান আযাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।তবে একাধিক পুলিশ কর্মকর্তা জানান, দ্রুত বিচার আইনে সাত দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে গতকাল তদন্ত কর্মকর্তারা তড়িঘড়ি করে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন। গতকাল রাত পর্যন্ত তদন্ত কর্মকর্তা বলতে পারেননি পল্টন থানায় করা মামলার অভিযোগপত্রে আসামির সংখ্যা কত ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাত পর্যন্ত আসামির তালিকা নিয়ে যাচাই-বাছাই করছিলেন পুলিশের কর্মকর্তারা। রাত সাড়ে আটটার দিকে মতিঝিল অঞ্চলের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘আমি আসামির সংখ্যা বলতে পারব না।’মামলার বিবরণ: নয়টি মামলার বিবরণ প্রায় একই রকম। এজাহারে বলা হয়, উল্লিখিত ব্যক্তিদের সঙ্গে অজ্ঞাতনামা দু-তিন হাজার নেতা-কর্মী অস্ত্রশস্ত্রসহ কাকরাইল, নাইটিঙ্গেল ও বিজয়নগর মোড়ে জড়ো হন। তাঁরা ভয়ভীতি প্রদর্শন ও বলপ্রয়োগে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ ভাঙচুর করেন। এ ছাড়া রাজপথে শক্তির মহড়া প্রদর্শন ও ত্রাসের মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়। উচ্ছৃঙ্খল জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর আক্রমণ করে। এ ছাড়া সরকারি কাজে বাধা ও আক্রমণ করে পুলিশ সদস্যদের হত্যার চেষ্টা করা হয়। এতে পুলিশের অনেক সদস্য আহত হন। হামলায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩২৬টি গুলি এবং ২৬২টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় হামলাকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মারে।