৭ ফেব্রুয়ারি সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ৭ ফেব্রুয়ারি সোমবার। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়ে সংঘর্ষের ঘটনায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।রাজধানীর মুক্তাঙ্গনে গতকাল বুধবার বিকেলে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগের প্রতিবাদে সংঘর্ষের ঘটনায় খালেদা জিয়াসহ তিন হাজার মানুষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, অপ্রয়োজনীয় বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে। একই দাবিতে বিএনপি গতকাল সারা দেশে প্রতিবাদ সমাবেশ করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ হয়।সূত্র জানায়, গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গত মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে হরতাল আহ্বানের সিদ্ধান্ত হয়। বিএনপির দাবি, এই মামলা মিথ্যা, হয়রানি ও প্রতিহিংসামূলক।মুক্তাঙ্গনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার দেলোয়ার বলেন, নতুন করে কোনো বিমানবন্দর নির্মাণের প্রয়োজন নেই। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা হঠকারী। এতে বিপুল অঙ্কের টাকা লুটপাটের সুযোগ পাবেন সরকারদলীয় নেতা ও ব্যবসায়ীরা। তিনি এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর বোঝা উচিত রক্তপাত ঘটিয়ে ক্ষমতায় থাকা যায় না।বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ অনেক সমস্যার মধ্যে আছে। সেসব সমাধান না করে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিমানবন্দর নির্মাণ করার কোনো মানে নেই। তিনি অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন কারচুপিতে ওস্তাদ। এদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই বিএনপি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছে।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নতুন বিমানবন্দর করার সিদ্ধান্ত বিএনপি মানবে না। জনগণের স্বার্থে বিরোধীদলীয় নেতা এই বিমানবন্দর নির্মাণের প্রতিবাদ করেছেন।স্থায়ী কমিটির অপর সদস্য মওদুদ আহমদ বলেন, শুধু আড়িয়ল বিল কেন, অন্য কোথাও বিমানবন্দর করতে দেওয়া হবে না। কেননা এই বিমানবন্দরের কোনো প্রয়োজন নেই। তিনি এই খাতের টাকা জনস্বার্থে ব্যবহারের জন্য সরকারকে পরামর্শ দেন। তিনি বলেন, এই অপ্রয়োজনীয় বিমানবন্দর নির্মাণের উদ্দেশ্য হলো শেয়ারবাজারের মতো দলীয় নেতা ও তাঁদের মদদপুষ্ট ব্যবসায়ীদের অর্থ লুটের সুযোগ করে দেওয়া।দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া জনগণের স্বার্থ রক্ষার জন্য এই বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।বিএনপির সহসভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান প্রমুখ বক্তব্য দেন।ঢাকার বাইরে: খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল খুলনা, রাজশাহী, পাবনা, নরসিংদী ও রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।