৭ মার্চ শোভাযাত্রায় শক্তি দেখাতে চায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির পাঁচ দিন আগে রাজধানীতে দলীয় শক্তিমত্তা দেখাতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ জন্য ৭ মার্চ ঢাকায় বড় ধরনের গণশোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে দলটি।৭ মার্চের এ কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে গতকাল বুধবার বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যৌথ সভা হয়।সভায় আগামী ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবসের দিন গণশোভাযাত্রায় বড় রকমের লোকসমাগমের ঘোষণা দেওয়া হয়। ওই দিন বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘণ্টার শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে শুরু হয়ে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করবেন। দলীয় সূত্র জানায়, ১২ মার্চ ঢাকায় বিএনপির মহাসমাবেশ কর্মসূচি রয়েছে। তার আগে ৭ মার্চ আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচি গণমিছিলে ব্যাপক লোকসমাগম ঘটিয়ে বিরোধী দলকে চাপে ফেলার রাজনৈতিক কৌশল নিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচি সফল করতে আজ বৃহস্পতিবার থেকে ৫ মার্চ পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে কর্মিসভা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।যৌথ সভায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, আগামী ৭ মার্চ ঢাকাকে মিছিলের নগরে পরিণত করা হবে। ওই দিন গণশোভাযাত্রায় প্রমাণিত হবে, দেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।লালমনিরহাটে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, যার দুই পুত্র দুর্নীতির দায়ে পলাতক, তার মুখে এমন কথা শোভা পায় না। আওয়ামী লীগ কখনোই পালানোর দল নয়। সে কারণে পালানোর পথ খোঁজারও প্রয়োজন নেই।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘এমন মিছিল করব, সেই জনস্রোত দেখে খালেদা জিয়াসহ সকলেই বুঝতে পারবে, জনগণ কোন দিকে আছে।’সভাপতির বক্তব্যে পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আমরা একটু বিশ্রামে ছিলাম। তার অর্থ এই নয় যে আমরা ঘুমিয়ে আছি।’ বৈঠক শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের ৭ মার্চের কর্মসূচি হবে স্মরণকালের সর্ববৃহৎ। তিনি ১২ মার্চ বিরোধী দলের মহাসমাবেশ কর্মসূচির প্রতি ইঙ্গিত করে বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য, অরাজকতা ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ৭ মার্চ আওয়ামী লীগ এমনভাবে কর্মসূচি পালন করবে, যাতে ১২ মার্চে বিএনপির ঢাকায় আসার সাধ ভালোভাবে মিটে যায়।যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের আশপাশের জেলা ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতারা।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আন্দোলনের নামে কেউ যাতে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য গতকালের যৌথ সভায় দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।সভায় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমতউল্লাহ খান বলেছেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বয়হীন কথাবার্তায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। মন্ত্রী, উপদেষ্টা ও সাংসদদের কথাবার্তায় সমন্বয় থাকতে হবে।