৭ মার্চকে ইতিহাসের কালো অধ্যায় হিসেবে উল্লেখ করল বিএনপি
৭ মার্চকে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দিনে জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক ও বাহক তারেক রহমানকে চক্রান্তকারীরা গ্রেপ্তার করে।আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি কেন্দ্রীয়ভাবে এই দিনটিকে তারেক রহমানের কারাবন্দী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির দাবি, তত্ত্বাবধায়ক সরকার এই দিনে তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে তাঁর ওপর পৈশাচিক নির্যাতন চালায়।সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এর মাধ্যমে দেশি-বিদেশি চক্রান্তকারীদের সহায়তায় ক্ষমতালোভী কিছু সেনা কর্মকর্তা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে এ দেশের রাজনীতির বেদিমূলে আঘাত করে বিরাজনীতির সূচনা করে। তিনি অভিযোগ করেন, ওই অশুভ শক্তি কেবল তারেককে গ্রেপ্তারই করেনি, তাঁর ওপর মধ্যযুগীয় বর্বরতাও চালিয়েছিল।জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানের অপরাধ ছিল দেশে ও দেশের মানুষের প্রতি মমত্ববোধ, দেশাত্মবোধ, অগাধ ভালোবাসা আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইস্পাত কঠিন দৃঢ় প্রতিজ্ঞা। তিনি দাবি করেন, চক্তান্তকারীরা তারেকের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুগ্ম মহাসচিব আমানুল্লাহ, দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।