৭ মার্চকে কারাবন্দী দিবস হিসেবে পালন করবে বিএনপি!
এবার ঐতিহাসিক ৭ মার্চও বিএনপি নিজেদের মতো করে পালন করবে। আগামী ৭ মার্চকে ‘কারাবন্দী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির দাবি, ২০০৭ সালের এই দিনে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীদের প্ররোচনায় দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়। ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার দিনটিকে কয়েক বছর ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জন্মদিন হিসেবে উদ্যাপন করে আসছেন। তাঁর এই জন্মদিন নিয়ে রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা আছে। খালেদা জিয়ার এই জন্মদিন নিয়ে আদালতে মামলাও আছে। আওয়ামী লীগ বলে আসছে, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন উদ্দেশ্যমূলক।আর ৭ মার্চ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তত্কালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দি উদ্যান) বিশাল জনসভায় স্বাধীনতার ডাক দেন। বিএনপি এখন এ দিবসটিকে তারেক রহমানের কারাবন্দী দিবস হিসেবে পালন করার ঘোষণা দিল। গতকাল মঙ্গলবার বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি পালন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করবে বলেও জানানো হয়। কর্মসূচি অনুযায়ী, ৭ মার্চ ঢাকা মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা, ৬ মার্চ ছাত্রদলের উদ্যোগে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ, ৮ মার্চ প্রতিটি জেলায় আলোচনা সভা এবং ১২ মার্চ জাতীয় প্রেসক্লাবে তাঁতি দলের আলোচনা সভা হবে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠন কারাবন্দী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, বরকতউল্লা, মো. শাহজাহান, সালাউদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াত সব সময় ইতিহাস বিকৃতির রাজনীতি করে আসছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে কেবল উল্লাস করার জন্য নিজের জন্মতারিখ পরিবর্তন করেছেন। এটা কোনো মানুষের কাজ নয়। এবার তাঁরা যা করছেন, জনগণই এ জন্য তাঁদের ধিক্কার দেবে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ৭ মার্চ রাজনীতির বিষয় না। এটা জাতির ইতিহাসের সঙ্গে জড়িত। এ দিনটিকে অন্য কোনো দিবস হিসেবে কারও পালন করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিএনপিকে এ বিষয়টি ভেবে দেখতে হবে। কারও ব্যক্তি আক্রোশের বশবর্তী হয়ে জাতীয় গুরুত্বপূর্ণ এ দিনটিকে বিকৃত করার চেষ্টা করা ঠিক হবে না।