৭ মার্চের ভাষণের ডিভিডি নিয়ে তদন্ত কর্মকর্তাকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষ গতকাল বুধবার তদন্ত কর্মকর্তাকে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের দাখিল করা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ডিভিডি নিয়ে জেরা করেছে। জেরার সময় আসামিপক্ষ আলামত হিসেবে দেখানো ওই ডিভিডির ভাষণের সঙ্গে সংবিধানের পঞ্চম তফসিলে সংযোজিত একই ভাষণের পার্থক্য তুলে ধরে বিভিন্ন প্রশ্ন করেন।সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হয়। আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে পঞ্চম দিনের মতো জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। তদন্ত কর্মকর্তা মামলার বস্তু প্রদর্শনী-৭ হিসেবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের যে ডিভিডি দেখিয়েছেন, তা তিনি কার কাছ থেকে সংগ্রহ করেছেন—মিজানুলের এই প্রশ্নের জবাবে হেলালউদ্দিন বলেন, তথ্য মন্ত্রণালয়ের ফিল্ম আর্কাইভ থেকে। সংবিধানের পঞ্চম তফসিলে ৭ মার্চের ভাষণ সংযোজিত আছে, তা কি জানেন—এর জবাবে বলেন, তিনি জানেন না। দাখিলের আগে ডিভিডি সম্পাদনা করা হয়েছে কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি সম্পাদনা করেননি।এ সময় মিজানুলের আরজির পরিপ্রেক্ষিতে ওই ডিভিডি ট্রাইব্যুনালে দেখানো শুরু হয়। মিজানুল বলেন, সংবিধানে সংযোজিত ভাষণের প্রথম অনুচ্ছেদের চতুর্থ লাইনে ‘কী অন্যায় করেছিলাম?...এ দেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে’—এই অংশটুকু থাকলেও ডিভিডিতে নেই। হেলালউদ্দিন বলেন, হয়তো সম্পাদনার কারণে রেকর্ড করা হয়নি।মিজানুল গতকাল ডিভিডি ও সংবিধানে থাকা ভাষণের মধ্যে মোট সাতটি পার্থক্য তুলে ধরেন। এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ট্রাইব্যুনালকে বলেন, নথি যাচাইয়ের সময় এটা নয়। ট্রাইব্যুনাল বলেন, নথি যাচাই হচ্ছে না, জেরা হচ্ছে। কৌঁসুলি বলেন, ডিভিডিতে আছে, কিন্তু সংবিধানের ভাষণে নেই—এমন বিষয়ও আসতে হবে।মিজানুল বলেন, পরে ওই পার্থক্যও পরীক্ষা করবেন। সংবিধানের ভাষণের দ্বিতীয় ও তৃতীয় লাইনে লেখা আছে, ‘কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।’ এখানে ‘খুলনা’ শব্দটি না থাকলেও প্রদর্শিত ডিভিডিতে আছে। তিনি রসিকতার সুরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের উদ্দেশে বলেন, ‘আমি ভাবলাম, খুলনা সবুর খানের এলাকা হওয়ায় হয়তো সংবিধানে এটা বাদ দেওয়া হয়েছে।’জেরার একপর্যায়ে ট্রাইব্যুনাল আসামিপক্ষের কাছে জানতে চান, সাঈদীর বিরুদ্ধে অভিযোগের সঙ্গে এই জেরার সংশ্লিষ্টতা কোথায়? জবাবে মিজানুল বলেন, রাষ্ট্রপক্ষই মামলার আলামত হিসেবে ৭ মার্চের ভাষণ দিয়েছেন। হয়তো সাঈদীর সঙ্গে সংশ্লিষ্টতা আছে বলেই এটি দেওয়া হয়েছে। এই পর্যায়ে মধ্যাহ্নের বিরতি দেওয়া হয়।বিরতির পর মিজানুল বস্তু প্রদর্শনী-৮ হিসেবে রাষ্ট্রপক্ষের দেওয়া সিডিতে সংরক্ষিত যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল এনবিসি (ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি) ও সিবিএসের (কলম্বিয়া ব্রডকাস্টিং সিস্টেম) প্রতিবেদন নিয়ে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। এই সিডি কি এনবিসি কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে—এই প্রশ্নের জবাবে হেলালউদ্দিন বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসহ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট-সংক্রান্ত বিষয়ে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেল এবং বিদেশে প্রচারিত ভিডিও থাকলে তা তদন্ত সংস্থায় পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। সে অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয় সিডিটি তদন্ত সংস্থাকে পাঠায়।এই পর্যায়ে মিজানুল সিডিটি দেখানোর আরজি জানান। তা দেখানো শুরু হলে এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, এটি ট্রাইব্যুনাল, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ—সবার কাছে আছে। জেরার সময় দেখানোর প্রয়োজন নেই। মিজানুল এই বক্তব্যে আপত্তি জানালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিতর্ক হয়। ট্রাইব্যুনাল দুই পক্ষকেই শান্ত হতে বলেন।সিডি দেখানোর সময় মিজানুল বলেন, এনবিসির প্রতিবেদনের মাঝখানে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর একটি মুভি ক্লিপ সম্পাদনা করে সংযুক্ত করা হয়েছে। এর নিচে লেখা ‘দিস ম্যান অ্যান্ড হিজ পার্টি কিলড মিলিয়নস ইন ১৯৭১...’। নিজামীর এই ছবি সাম্প্রতিক সময়ে তোলা কি না—তাঁর এই প্রশ্নের জবাবে হেলালউদ্দিন বলেন, তা তিনি জানেন না। মিজানুল প্রশ্ন করেন, মুভি ক্লিপে ‘এফটিএল’ লেখা একটি লোগো সংযুক্ত আছে কি না? হেলালউদ্দিন বলেন, একটা চিহ্ন আছে, লোগো কি না, তা বলতে পারবেন না। পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, চিহ্নটি কিসের, তা নিয়ে তিনি অনুসন্ধান করেননি। এনবিসির ওই প্রতিবেদনের ভিডিও ধারণকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টাও তিনি করেননি।বিকেল চারটার দিকে জেরা অসমাপ্ত অবস্থায় ট্রাইব্যুনালের কার্যক্রম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।আলীমের অব্যাহতির আবেদনের শুনানি: বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমকে মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর গতকাল বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে ট্রাইব্যুনাল-২-এ যুক্তি উপস্থাপন করেন তাঁর আইনজীবী তাজুল ইসলাম। আজও যুক্তি উপস্থাপন চলবে। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতি দেওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক। ১৩ মে যুক্তি উপস্থাপনের পরবর্তী দিন ধার্য করা হয়।