৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে আমরা এখনো আশাবাদী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১১-১২ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিক অর্থনীতির তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ জাতীয় সংসদে উত্থাপন করেছেন। এই তিন মাসের তথ্য বিশ্লেষণ করে অর্থমন্ত্রী বলেন, ‘এই প্রেক্ষাপটে সম্পদের সীমাবদ্ধতা, সম্ভাব্য অভ্যন্তরীণ ও বাহ্যিক অভিঘাত সত্ত্বেও চলতি অর্থবছরে নির্ধারিত ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে আমরা এখনো আশাবাদী।’অর্থমন্ত্রী বলেন, ভৌত অবকাঠামো খাত বিশেষ করে বিদ্যুত্ ও জ্বালানি খাতে প্রভূত উন্নতি হয়েছে। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো ও কৃষি উন্নয়নের গতিধারা অব্যাহত রয়েছে। শিল্প উত্পাদনে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বিভিন্ন সংস্কার ও প্রণোদনামূলক কার্যক্রম চালু রাখা হয়েছে।মুহিত বলেন, ‘আন্তর্জাতিক বাজারে খাদ্য ও জ্বালানি তেলের মূল্যের ব্যাপক ঊর্ধ্বগতির মধ্যেও দূরদৃষ্টি সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা মূল্যস্ফীতি ৮ দশমিক ৮ শতাংশের মধ্যে সীমিত রাখতে পেরেছি।’অর্থমন্ত্রী আরও বলেন, বাজেট বাস্তবায়নের প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত না থাকায় গত সংসদ অধিবেশনে ত্রৈমাসিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করতে পারেননি তিনি। তবে তিনি আশা প্রকাশ করেন, বাজেট বাস্তবায়নের অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক অবস্থার প্রকৃত চিত্রসহ ষাণ্মাসিক প্রতিবেদনটি চলতি অধিবেশনে আগামী ৭ মার্চ সংসদে উপস্থাপন করতে পারবেন।অর্থমন্ত্রী রাজস্ব আয়ের সন্তোষজনক তথ্য সংসদের সামনে তুলে ধরেন। আশা করেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে সক্ষম হবেন। ব্যয় পরিস্থিতি তুলে ধরে তিনি সংসদকে জানান, প্রথম প্রান্তিকে মোট ব্যয় হয়েছে ২৭ হাজার ৮৭৯ কোটি টাকা। যার মধ্যে অনুন্নোয়ন ব্যয় হয়েছে ২৩ হাজার ৪৪ কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ব্যয় হয়েছে চার হাজার ৮৩৫ কোটি টাকা। তিনি বলেন, ব্যয়ের ক্ষেত্রে এডিপি বাস্তবায়নের হার বৃদ্ধি পেলেও বৈদেশিক সাহায্য ব্যবহারের সক্ষমতা তেমন বৃদ্ধি পায়নি।আবদুল মুহিত বলেন, তিনি তাঁর বাজেট বক্তৃতায় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছিলেন বার্ষিক উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়ন এবং বিদ্যুত্ ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে ১০টি মন্ত্রণালয় বা বিভাগের এডিপি বাস্তবায়নে বিশেষ নজরদারির জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে বৈদেশিক সাহায্যপ্রাপ্ত সর্বাধিক ব্যয় সাপেক্ষ ৫০টি প্রকল্পের তালিকা করে এসব প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।ঘাটতি বাজেট অর্থায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রথম প্রান্তিকে বাজেট ঘাটতি হয়েছে দুই হাজার ৪৫৩ কোটি টাকা। তিনি বলেন, ‘ঘাটতি অর্থায়নে প্রথম প্রান্তিক বৈদেশিক সূত্রের ব্যবহার প্রত্যাশিত মাত্রার চেয়ে কম।’ অর্থমন্ত্রী বলেন, গত বছরের জুলাইয়ে সুদের হার বৃদ্ধি করা হলেও জাতীয় সঞ্চয়পত্রের বিক্রি আশানুরূপ বাড়েনি। যার ফলে ঘাটতি অর্থায়নে জন্য সরকারকে ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ করতে হয়েছে।অর্থমন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বর্তমান অর্থবছরের প্রথম থেকেই মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে অনুত্পাদনশীল খাত যেমন: ভোগ্যপণ্য, বিলাস দ্রব্য, রিয়েল এস্টেটে ঋণের প্রবাহ নিয়ন্ত্রণের প্রচেষ্টা নেওয়া হয়েছে। তবে উত্পাদন খাতে ঋণের প্রবাহ অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী সংসদকে জানান, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম ও খাদ্যপণ্যের উচ্চমূল্য, অতিরিক্ত ঋণের প্রবাহ ও জোগান সীমাবদ্ধতা মূলত মূল্যস্ফীতিতে ভূমিকা রেখেছে।অর্থমন্ত্রী রপ্তানিতে শ্লথগতির আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রধান প্রধান রপ্তানি বাজারে অর্থনৈতিক সংকটের কারণে (যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রবৃদ্ধিতে সম্ভাব্য শ্লথগতি, ইউরোপীয় ইউনিয়নের চলমান ঋণসংকট) সম্ভাব্য বিশ্ব-চাহিদা হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে রপ্তানি প্রবৃদ্ধির গতি কিছুটা শ্লথ হতে পারে।’ তবে তিনি বলেন, সরকার এ পরিস্থিতি সম্পর্কে সজাগ রয়েছে এবং রপ্তানি বাজার বহুমুখী সম্প্রসারণে বিভিন্ন প্রণোদনা অব্যাহত রেখেছে। অর্থমন্ত্রী আমদানির গতি অব্যাহতি থাকার কথা বলেন। তবে তিনি বলেন, খাদ্যপণ্য আমদানি হ্রাস, বিশ্ব-চাহিদার সম্ভাব্য অবনমন ও সংকোচনমূলক মুদ্রানীতির কারণে আগামী দিনগুলোতে আমদানি ব্যয়ের ওপর চাপ কিছুটা কমে আসবে।অর্থমন্ত্রী জানান, প্রবাসী-আয়ের (রেমিট্যান্স) গতি আগের বছর কমে গিয়েছিল। এ বছরের প্রথম প্রান্তিকে আয়ের ক্ষেত্রে ১১ দশমিক ৮০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই খাতে আয় বৃদ্ধির জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ তুলে ধরেন। অর্থমন্ত্রী বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি তুলে ধরে বলেন, গত বছরের সেপ্টেম্বর শেষে রিজার্ভ ছিল এক হাজার কোটি ৮০ কোটি ডলার। এবার হয়েছে ৯৮০ কোটি ডলার।অর্থমন্ত্রী দাবি করেন, বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যের ক্ষেত্রে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হলেও চলতি হিসাবের ভারসাম্য সন্তোষজনক পর্যায়ে রয়েছে।