৭০ কর্মী সরকারিভাবে মালয়েশিয়ায় গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজকে আমার লাশও উদ্ধার হতে পারত সাভারের রানা প্লাজা থেকে। আমি মাস ছয়েক আগে এই রানা প্লাজার তৃতীয় তলার কারখানায় কাজ করতাম। লটারিতে নাম ওঠায় চাকরি ছেড়ে দিয়েছি। আজ আমি সরকারিভাবে বিদেশ যাচ্ছি। আল্লাহ আমারে বাঁচাইছে।’২৭ বছরের তরুণ নুরুল ইসলাম একনিঃশ্বাসে এই কথাগুলো বললেও তাতে বিদেশে যাওয়া নিয়ে কোনো উচ্ছ্বাস ছিল না। গতকাল বৃহস্পতিবার ৭০ জন কর্মীর প্রথম দলে সরকারিভাবে মালয়েশিয়া গেছেন নুরুল ইসলাম। মানিকগঞ্জের সাটুরিয়ায় তাঁর বাড়ি। বাবার নাম আবদুল করিম। মা মাজেদা বেগম। সরকারিভাবে মালয়েশিয়ায় প্রথম কর্মী যাওয়া উপলক্ষে গতকাল সকালে বিমানবন্দরের উল্টো দিকে হাজি ক্যাম্পে ছোট্ট একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। তবে আনন্দের বদলে সেখানেও ছিল শোকের ছায়া। সাভারে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে সংক্ষিপ্ত ওই অনুষ্ঠান শুরু হয়। মানিকগঞ্জের ঘিওরের নজরুল দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘মাত্র ৩৩ হাজার টাকায় আমরা মালয়েশিয়ায় যেতে পারছি, এটি বিশাল পাওয়া। তবে যাওয়ার আগে সাভারের ঘটনা শুনে মনটা খুব খারাপ।’ নজরুল আরও বলেন, ‘আমরা তো বিদেশে চলে যাচ্ছি। কিন্তু দেশে আর কত মানুষ এভাবে মারা যাবে?’গাজীপুরের রাসেল রানা (২২) বলেন, ‘আমাদের গাজীপুরেও অনেক গার্মেন্টস আছে। কী যে কষ্ট করে ওরা কাজ করে, সেটা না দেখলে বোঝা যাবে না। কিন্তু মালিকদের অবহেলায় বারবার তারা মরে। আর কোনো দিনও কারও বিচার হয় না।’ঢাকার নবাবগঞ্জের রাজীব দাস, গাজীপুরের রমযান আলী, কেরানীগঞ্জের অজিত কুমার, ভোলার চরফ্যাশনের মোহাম্মদ লিটন, কিশোরগঞ্জের বাছিরউদ্দিন ও মানিকগঞ্জ সদরের আবদুল কাদেরও যাওয়ার আগে দেশের শান্তি প্রত্যাশার কথাই জানালেন প্রথম আলোকে। নারায়ণগঞ্জের আড়াইহাজারের আবদুল আলিমকে বিদায় জানাতে এসেছেন বাবা আসিফ আলী। তিনি বলেন, ‘ছেলেটারে অনেক আশা করে বিদেশে পাঠাচ্ছি। স্বপ্ন দেখি, ছেলেটা আমাদের সংসারের সব কষ্ট দূর করে দেবে।’কেরানীগঞ্জে বাড়ি নাঈম খানের (২১)। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা নাঈমকে নিয়েই এখন সব স্বপ্ন তাঁর পরিবারের। নাঈমের মা নাজমা বেগম ছেলেকে বিমানবন্দরে বিদায় দিতে এসেছিলেন। বললেন, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। নাঈমকে বেশি লেখাপড়া করাতে পারেননি। কিন্তু এখন সেই ছেলে সরকারিভাবে বিদেশে যাচ্ছেন। তাঁর আশা, নাঈম সংসারের সব অভাব ঘোচাবেন। নিজের এবং সবার ছেলের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেন।অনুষ্ঠানে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সাভারে প্রাণহানির ঘটনায় পুরো জাতি শোকার্ত। তার পরও আজকে একটি ঐতিহাসিক দিন। বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে এই দিনটি মাইলফলক হয়ে থাকবে। কারণ, সরকারিভাবে মাত্র ৩৩ হাজার টাকা খরচে আজ থেকে কর্মী যাওয়া শুরু হয়েছে মালয়েশিয়ায়। পৃথিবীর কোথাও এত কম খরচে এভাবে কর্মী পাঠানোর নজির নেই। আমরা সেই কাজটিই করে দেখালাম।’ মন্ত্রী বলেন, ‘এত কম খরচে মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা শুনে এক দিন আগেও অনেকে হেসেছে। কিন্তু আজকে এটাই সত্য। অন্যান্য দেশেও আমরা এভাবেই কর্মী পাঠাব।’জনশক্তি রপ্তানিকারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা সরকারের প্রতিপক্ষ নন। আপনার বিদেশে যান, চাহিদাপত্র আনেন। এরপর আমাদের মতো কম খরচে লোক পাঠান। কিন্তু আমরা একজন নাগরিককেও বিদেশে পাঠানোর নামে প্রতারিত হতে দিতে পারি না। এখন থেকে এভাবেই কম খরচে সবাইকে কর্মী পাঠাতে হবে।’মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘এই প্রথম দেশের প্রতিটি প্রান্ত থেকে কর্মী বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আপনারা একেকজন বাংলাদেশের রাষ্ট্রদূত। আপনাদের ওপরই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। আগামী কয়েক বছরে মালয়েশিয়া পাঁচ লাখ কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে। কাজেই আপনারা ভালোভাবে চলবেন। দেশের মান ক্ষুণ্ন হয়, এমন কিছু করবেন না।’অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতি ওথম্যান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন্নাহার, অতিরিক্ত মহাপরিচালক সেলিম রেজা, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা কামাল, বিএমইটির পরিচালক মিজানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।মন্ত্রী বিদেশগামী কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর ৭০ জন কর্মীকে একটি বাসে করে বিমানবন্দরে নেওয়া হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে করে বেলা একটা পাঁঁচ মিনিটে কর্মীরা রওনা হয়েছেন। বিকেলেই তাঁরা মালয়েশিয়া পৌঁছেছেন।২০০৯ সালের মার্চে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়ায়। দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর গত বছরের ২৬ নভেম্বর দুই দেশের মধ্যে সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হয়। এরপর এ বছরের জানুয়ারিতে সারা দেশে কর্মী নিবন্ধন শুরু হয়। প্রথম দফায় যাওয়ার জন্য সাড়ে ১৪ লাখ কর্মী নিবন্ধন করেন। এর মধ্যে থেকে লটারিতে প্রথম দফায় যওয়ার জন্য ১১ হাজার ৭৫৮ জন নির্বাচিন হন। তাঁদের মধ্যে ৭০ জন গতকাল মালয়েশিয়া গেলেন। আগামীকাল আরও ৭০ জন এবং ২৯ এপ্রিল ৫৮ জন দেশটিতে যাবেন।