দিনাজপুরে বিদ্রোহের ঘটনায় বিডিআর সেক্টর সদর দপ্তরের ১৩ আসামি এবং ২ রাইফেল ব্যাটালিয়নের ৫৭ আসামির প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়েছে। আদালত অভিযোগ গঠনের জন্য ১৭ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।দিনাজপুর বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-তে আজ রোববার এ বিচারকাজ অনুষ্ঠিত হয়। আদালতে সভাপতিত্ব করেন দিনাজপুর বিডিআরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ। তাঁকে সহযোগিতা করেন বিডিআর সদর দপ্তরের কর্মকর্তা লে. কর্নেল মো. মাহফুজ আলম, মেজর দীদার-আল-লতিফ এবং আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আইনজীবী বিশ্বজিৎ রায়।সকাল ১০টা ১০ মিনিটে সভাপতির নির্দেশে দিনাজপুর বিডিআর সেক্টরে বিদ্রোহের সঙ্গে জড়িত ১৩ জন আসামির উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। পরে আদালতের সভাপতি আসামিদের আত্মপক্ষ সমর্থন করতে ও আইনজীবী নিয়োগ করতে ২৭ দিন সময় দিয়ে আগামী বছরের ১ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেন। এরপর বেলা সোয়া ১১টার দিকে একই আদালতে বিদ্রোহের সঙ্গে জড়িত দিনাজপুর বিডিআর ২ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের বিচারকাজ শুরু হয়। মামলার ৫৭ জন আসামির সবাইকে কাঠগড়ায় হাজির করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইরশাদ হোসেন প্রসিকিউটর হিসেবে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনান। এ সময় কাঠগড়ায় অনেক আসামিকে কাঁদতে দেখা যায়।আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনে আগামী বছর ১৭ জানুয়ারি দিন ধার্য করেন।দিনাজপুর বিডিআর সদর দপ্তরের পুরো এলাকায় বিডিআর সদস্যদের পাশাপাশি বিপুলসংখ্যক সেনা, র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়। বিচারকাজ শেষে আসামিদের দিনাজপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।