৭০ জন কর্মী গেলেন মালয়েশিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে ৭০ জন কর্মী নিয়ে প্রথম ফ্লাইট গেছে মালয়েশিয়ায়। আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে কুয়ালালামপুরের উদ্দেশে ফ্লাইটটি ঢাকা ছাড়ে।সরকারিভাবে মালয়েশিয়ায় প্রথম কর্মী যাওয়া উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উল্টো দিকে হজ ক্যাম্পে আয়োজন করা হয় একটি উদ্বোধনী অনুষ্ঠানের। সেখানে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সাভারে প্রাণহানির ঘটনায় শোকার্ত জাতি। এরপরও আজ একটি ঐতিহাসিক দিন। সরকারিভাবে মাত্র ৩৩ হাজার টাকা খরচে আজ কর্মী যাওয়া শুরু করেছে মালয়েশিয়ায়। পৃথিবীর কোথাও এত কম খরচে এভাবে কর্মী পাঠানোর নজির নেই। আমরা সেই কাজটিই করে দেখালাম।’ মন্ত্রী বলেন, ‘এক দিন আগেও অনেকে অবিশ্বাস করেছে। অনেকেই এত কম খরচে মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা শুনে হেসেছে। কিন্তু আজ এটাই সত্য।’জনশক্তি রপ্তানিকারকদের উদ্দেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা আমাদের একজন নাগরিককেও বিদেশে পাঠানোর নামে প্রতারিত হতে দিতে পারি না। তাই এখন থেকে এভাবেই কম খরচে সবাইকে কর্মী পাঠাতে হবে।’মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা একেকজন বাংলাদেশের রাষ্ট্রদূত। আপনাদের ওপরই নির্ভর করছে ভবিষ্যত্। কাজেই ভালোভাবে চলবেন। দেশের মান ক্ষুণ্ন হয়, এমন কিছু করবেন না। অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন্নাহার, অতিরিক্ত মহাপরিচালক সেলিম রেজা, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা কামালসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানের পর মন্ত্রী বিদেশগামী ৭০ জনের সঙ্গে ছবি তোলেন। তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর ওই ৭০ জন কর্মী বিমানবন্দরে যান। বেলা ১২টা ৪০ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১০৩ ফ্লাইটে কর্মীরা রওয়ানা হন কুয়ালালামপুরের উদ্দেশে। ২০০৯ সালের মার্চে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখে মালয়েশিয়া। দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর গত বছরের ২৬ নভেম্বর দুই দেশের মধ্যে সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আজ প্রথম ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সে দেশে কর্মী যাওয়া শুরু হলো।