৭০টি রেলইঞ্জিন কেনা হচ্ছে পছন্দের প্রতিষ্ঠান থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের জন্য ৭০টি নতুন মিটারগেজ ইঞ্জিন কেনা হচ্ছে। এ জন্য প্রায় দুই হাজার কোটি টাকার জোগান দেবে বিদেশি দাতা সংস্থা। কিন্তু অভিযোগ উঠেছে, সরকারি নিয়ম ভেঙে দরপত্রে এমন সব শর্ত দেওয়া হয়েছে, যাতে একটিমাত্র প্রতিষ্ঠান ছাড়া আর কেউই দরপত্রে অংশ নিতে পারবে না।এ সম্পর্কে জানতে চাইলে রেলমন্ত্রী মুজিবুল হক প্রথম আলোকে বলেন, ‘ইঞ্জিন কেনা নিয়ে একেক সরবরাহকারী একেক কথা বলছে। এদের সবার কথা এক নয়। আমরা এ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। দেশের জন্য যেটা ভালো, সেটাই করা হবে।’বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়নে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তার একটি হলো ৭০টি মিটারগেজ ইঞ্জিন কেনা। গত বছরের সেপ্টেম্বরে এ-সংক্রান্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। ২৫টির মতো প্রতিষ্ঠান দরপত্র কেনে। আগামী ৩০ জানুয়ারি দরপত্র জমা দেওয়ার শেষ দিন।দরপত্রের শর্তে বলা হয়, ইঞ্জিন কেনার অর্থের জোগানদাতা ঠিক করবে সরবরাহকারী প্রতিষ্ঠান। রেলওয়ে নিয়মিত কিস্তিতে সেই অর্থ পরিশোধ করবে। ৭০টি ইঞ্জিনের মধ্যে কিছু ইঞ্জিন নেওয়া হবে সম্পূর্ণ চালু অবস্থায়, যাতে কেনার পরপরই নামানো যায়। আর কিছু থাকবে আংশিক খোলা, অন্যগুলো থাকবে সম্পূর্ণ খোলা অবস্থায়। রেলওয়ের নিজস্ব কারখানায় এসব ইঞ্জিন সংযোজন করা হবে। রেল ভবন সূত্র জানায়, ২৫টি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও প্রাক-দরপত্র বৈঠকে মাত্র ছয়টি প্রতিষ্ঠান অংশ নেবে। এগুলো হলো: যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরস (জিএম কোরিয়া ইউনিট), ক্যাটারপিলার, জার্মানির সিমেন্স, এমটিইউ, যুক্তরাজ্যের কুমিন্স ও কানাডার বোম্বারডিয়ার। রেলওয়ে দরপত্র দলিলে ইঞ্জিনের ঘূর্ণনের একক নির্ধারণ করে দেওয়া হয়। এতে বলা হয়, ইঞ্জিনের আরপিএম (রোটেশন পার মিনিট) হতে হবে ৯০০-১১০০-এর মধ্যে। এ ব্যবস্থার মাধ্যমে একটি ইঞ্জিন মিনিটে কতবার ঘুরবে, তা নির্দেশ করে। একটি বহুজাতিক কোম্পানির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইঞ্জিনের ক্ষেত্রে এই ঘূর্ণনের এককের ওপরই সবকিছু নির্ভর করছে। দরপত্রে ঘূর্ণনের যে মানের কথা বলা হয়েছে, সে রকম ইঞ্জিন জেনারেল মোটরসের কোরিয়া ইউনিট ছাড়া পৃথিবীর আর কেউ তৈরি করে না। এটি ইএমডি-৭১০ সিরিজ ইঞ্জিন নামে পরিচিত। বাংলাদেশ রেলওয়ে দীর্ঘদিন ধরে এ ইঞ্জিনই ব্যবহার করে আসছে। ২০১০ সালেও বাংলাদেশ একই ইঞ্জিন কিনেছে, এবারও তা-ই কিনবে। শুধু লোক দেখানো দরপত্র ডেকে তাদের পছন্দের ইঞ্জিন কেনাকে বৈধ করা হচ্ছে।ওই কর্মকর্তা বলেন, এটা সরকারের গণ ক্রয় আইনের ১৫ ধারা এবং ক্রয়বিধির ২৯ ধারার পরিপন্থী। তিনি বলেন, আরপিএম উন্মুক্ত করে দিলে বড় বড় ইঞ্জিন প্রস্তুতকারকেরা দরপত্রে অংশ নিতে পারবে। এটা নির্দিষ্ট (৯০০-১১০০) করে দেওয়ার কারণে একটিমাত্র প্রতিষ্ঠান ছাড়া কেউ অংশ নিতে পারবে না। উল্লেখ্য, গণ ক্রয় নীতিমালার ১৫ ধারায় বলা হয়েছে, ‘ক্রয়কারী, দরপত্রদাতাগণের মধ্যে পক্ষপাতহীন ও উন্মুক্ত প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করিবার উদ্দেশ্যে, ক্রয়ের জন্য নির্দিষ্টকৃত পণ্য ও সংশ্লিষ্ট সেবা, অথবা কার্য ও ভৌত সেবার কারিগরী বিনির্দেশ ও বর্ণনা প্রস্তুত করিবার সময় উহা যেন সীমাবদ্ধকর না হয় তাহার নিশ্চয়তা বিধান করিতে হইবে। প্রতিযোগিতা সীমিত করিতে পারে এইরূপ কোনো শর্ত আরোপ করা যাইবে না।’যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, ইএমডি-৭১০ সিরিজ ইঞ্জিনই একমাত্র দুই স্ট্রোক ইঞ্জিন, যা এখনো রেলওয়ে ব্যবহার করছে। এ ইঞ্জিন ছাড়া দুই স্ট্রোকের আর কোনো ইঞ্জিন নেই। দেশে বিভিন্ন ক্ষেত্রে দুই স্ট্রোকের ইঞ্জিনের ব্যবহার সরকার বন্ধ করে দিলেও রেলওয়ে দুই স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করছে।সূত্র জানায়, ইঞ্জিন সরবরাহের ব্যাপারে দুটি বহুজাতিক কোম্পানি রেলওয়ের কাছে লিখিতভাবে আপত্তি জানিয়েছে। আপত্তিতে বলা হয়, রেলওয়ে যে ইঞ্জিন কিনবে সেটা ২০ বছরের পুরোনা মডেলের এবং দুই স্ট্রোকবিশিষ্ট। এতে জ্বালানি খরচও বেশি। বর্তমানে সারা দুনিয়ায় যেসব ইঞ্জিন চালু রয়েছে, তাতে ইএমডি-৭১০ সিরিজের তুলনায় ১০ শতাংশ জ্বালানি সাশ্রয় হয়। এতে প্রতিটি ইঞ্জিন বছরে ৫০ লাখ টাকার জ্বালানি সাশ্রয় করবে। এ হিসাবে ৭০টি ইঞ্জিন ২০ বছরের মেয়াদে শুধু তেলই সাশ্রয় করবে ৭০০ কোটি টাকার। এটা পরিবেশবান্ধবও।সূত্র জানায়, অন্য একজন সরবরাহকারী অভিযোগ করেন, ইঞ্জিন সরবরাহকারীদের কাছ থেকে পৃথক দুটি খামে দর চাওয়া হয়েছে। একটি থাকবে কারিগরি ও অন্যটি অর্থনৈতিক। আন্তর্জাতিক দরপত্রের ক্ষেত্রে দুই খামে দর পাওয়ার কোনো বিধান নেই। এটা স্থানীয় কেনাকাটার ক্ষেত্রেই করা হয়। এটি সরকারি ক্রয়নীতিমালার পরিপন্থী।জানতে চাইলে রেলওয়ের সরঞ্জাম কেনাকাটার দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিচালক খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, রেলওয়ে দীর্ঘদিন ধরে যে ইঞ্জিন ব্যবহার করে আসছে, এবারও সেই একই ইঞ্জিন কেনা হবে। নতুন কোম্পানির নতুন মডেলের ইঞ্জিন কেনা হলে রেলওয়ের লোকজন তার সঙ্গে খাপ খাওয়াতে পারবে না। জ্বালানি তেল সাশ্রয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, তেলের খরচ কমাতে গিয়ে রেলওয়ের লোকজনের জন্য যদি আরও বড় ক্ষতি হয়ে যায়, তাহলে কী হবে? সব ইঞ্জিন তো সম্পূর্ণ তৈরি অবস্থায় আসছে না, কিছু তো খোলা অবস্থায় আসবে। সেসব ইঞ্জিন সংযোজন করতে গিয়ে লোকজন তো দক্ষ হয়ে উঠবে, তা হলে কেন এসব বলছেন? জানতে চাইলে তিনি বলেন, কম আরপিএমের ইঞ্জিন বাংলাদেশের জন্য উপযোগী। এর আগে বেশি আরপিএমের ইঞ্জিন কেনা হয়েছিল। কিন্তু তার ফল ভালো হয়নি। এ কারণে আগের ইঞ্জিনই কেনা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের একজন সাবেক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০১০ সালের রেলওয়ে একই সরবরাহকারী অর্থাৎ জিএম মোটরসের কোরিয়া ইউনিট থেকে নয়টি ইঞ্জিন ক্রয় করে। এর প্রতিটির দাম ছিল ২৮ লাখ মার্কিন ডলার। সেই একই প্রতিষ্ঠানের একই ইঞ্জিন ২০১১-১২ অর্থবছরে কেনা হয় ৩৫ লাখ মার্কিন ডলারে (প্রায় ২৮ কোটি টাকা)। এবারের ৭০টির ক্ষেত্রে দাম আরও বাড়তে পারে বলে আভাস দিয়ে ওই কর্মকর্তা বলেন, এভাবে একটি প্রতিষ্ঠানকে সরবরাহের সুযোগ দেওয়া হলে সরকারি অর্থের অপচয় হবে।