৭০০ কোটি মানুষের বিশ্বে তরুণদের প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ জনসংখ্যা তহবিল— ইউএনএফপিএ বলছে, ৩১ অক্টোবর বিশ্বের জনসংখ্যা হবে ৭০০ কোটি। এর একটি বড় অংশ তরুণ। গতকাল বুধবার ইউএনএফপিএর ‘বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০১১’ প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলা হয়। ঢাকার একটি অভিজাত হোটেলে ইউএনএফপিএ এই অনুষ্ঠানের আয়োজন করে। ইউএনএফপিএর প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যা ৭০০ কোটিতে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন পৃথিবীতে তরুণদের সংখ্যা বেশি। ১০ থেকে ১৯ বছর বয়সীদের সংখ্যা ১২০ কোটি। জনমিতিতে আরও বড় ধরনের পরিবর্তনের কথা প্রতিবেদনে বলা হয়েছে। গত শতাব্দীর পঞ্চাশের দশকে মানুষের গড় আয়ু ছিল ৪৮ বছর। বর্তমানে তা ৬৮ বছর। জীবিত জন্ম নেওয়া শিশুর প্রতি হাজারে মৃত্যুহার ছিল ১৩৩। বর্তমানে সেই হার ৪৬।প্রতিবেদনে বলা হয়েছে, ১৮০৪ সালে বিশ্বের জনসংখ্যা ১০০ কোটিতে পৌঁছায়। এর ১২৩ বছর পর ১৯২৭ সালে জনসংখ্যা দ্বিগুণ হয়। ১৯৭৪ সালে বিশ্বের জনসংখ্যা হয় ৪০০ আর ১৯৯৯ সালে দাঁড়ায় ৬০০ কোটিতে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনসংখ্যা ১৫ কোটি পাঁচ লাখ। অনুষ্ঠানে উপস্থিত পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, আদমশুমারির প্রাথমিক তথ্যের খুব কাছাকাছি জাতিসংঘের তথ্য। উল্লেখ্য, বাংলাদেশের প্রকৃত জনসংখ্যা জানার জন্য আরও এক থেকে দুই মাস অপেক্ষা করতে হবে।এ বছরের আদমশুমারির প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ। এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, এক থেকে দুই মাসের মধ্যে শুমারি-পরবর্তী যাচাইয়ের কাজ শেষ হবে। তখন যাচাইয়ের তথ্য প্রাথমিক তথ্যের সঙ্গে সমন্বয় করে দেশের প্রকৃত জনসংখ্যা জানা যাবে। অনুষ্ঠানের শুরুতে ইউএনএফপিএর প্রতিনিধি আর্থার আরকেন বলেন, জনসংখ্যা আসলে কত জায়গায় কত মানুষ বাস করছে, এমন বিষয় নয়। জনসংখ্যা নীতিগতভাবে ন্যায়পরায়ণতা এবং সুযোগ ও সামাজিক ন্যায্যতার বিষয়।জনসংখ্যা প্রতিবেদনে তরুণ ও বয়স্ক জনসংখ্যা, প্রজনন হার, অভিবাসন, নগরায়ণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গ: ইউএনএফপিএর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩ শতাংশ। ১৫-৪৯ বয়সী নারীদের মোট প্রজনন হার ২.২। গড় আয়ু পুরুষের ৬৯ ও নারীর ৭০ বছর। ২৮ শতাংশ মানুষ এখন শহর-নগরে বাস করে। ৫৩ শতাংশ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে।প্রতিবেদনে মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্যের তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশে জীবিত জন্ম নেওয়া শিশুর প্রতি হাজারে মৃত্যুর হার ৫২ জন (২০০৯)। আর এক লাখ শিশুর জন্ম দিতে গিয়ে ৩৪০ জন মায়ের মৃত্যু হয় (২০০৮)। ১৫-৪৯ বয়সী নারীদের ৫৬ শতাংশ জন্মনিয়ন্ত্রণের কোনো না কোনো পদ্ধতি ব্যবহার করেন (২০১০)। জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতির অপূর্ণ চাহিদার হার ১৭ শতাংশ।