৭০০ কোটিতম শিশুর অপেক্ষায় উত্তর প্রদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের জনসংখ্যা আগামীকাল সোমবার ৭০০ কোটি স্পর্শ করবে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এক প্রতিবেদনে আশা করা হয়েছে, সেই ৭০০ কোটিতম শিশুর জন্ম হবে ভারতের উত্তর প্রদেশে। এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছে সেখানকার মানুষ। ৭০০ কোটিতম শিশুর আগমনকে স্মরণীয় করে রাখতে একটি বেসরকারি সংস্থা জমকালো অনুষ্ঠানেরও আয়োজন করেছে বলে দ্য ইকনোমিক টাইমস জানিয়েছে।তবে উত্তর প্রদেশের কোথায় ৭০০ কোটিতম শিশুর জন্ম হবে, সে সম্পর্কে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছুই বলা হয়নি। তবে উত্তর প্রদেশের বেশ কিছু বিশেষজ্ঞ রাজ্যের রাজধানী লক্ষেৗর কাছে মাল গ্রামকে ৭০০ কোটিতম শিশুর জন্মস্থান হিসেবে চিহ্নিত করার দাবি করেছেন। এ উপলক্ষে নবজাতককে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে ব্রিটেনভিত্তিক একটি এনজিওর ভারতীয় শাখা প্ল্যান ইন্ডিয়া। সংস্থাটি দাবি করেছে, একজন কন্যাই হবে বিশ্বের ৭০০ কোটিতম শিশু। মাল গ্রামের কমিউনিটি হেলথ সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এনজিওটির মুখপাত্র শম্পা মহান্তি বলেছেন, ‘মাল গ্রামে আমরা ছয়জন মাকে চিহ্নিত করেছি। নবজাতককে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।’প্ল্যান ইন্ডিয়ার সহযোগী ও ভারতের শীর্ষস্থানীয় একটি এনজিওর প্রধান নীলিমা সিং জানিয়েছেন, রোববার প্রথম প্রহরে যে শিশু জন্ম নেবে, তাঁকে বিশ্বের ৭০০ কোটিতম শিশু হিসেবে ঘোষণা করা হবে। নতুন জন্ম নেওয়া শিশুকে ঘটা করে জন্ম সনদও দেওয়া হবে। তবে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গোলাম নবী আজাদ এ আয়োজন প্রসঙ্গে বলেছেন, ‘এটা ভারতের জন্য দুশ্চিন্তা ছাড়া আর কিছুই নয়। ৭০০ কোটিতম শিশুর আগমন উদ্যাপন করা উচিত হবে না।’ ভারতের বর্তমান জনসংখ্যা ১০০ কোটি ২১ লাখ। এর মধ্যে উত্তর প্রদেশে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬ হাজার শিশু জন্ম নেয়।