৭১-এ কামারুজ্জামানের গ্রেপ্তারের খবর নিশ্চিত করলেন ভাই
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার আসামিপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন কামারুজ্জামানের বড় ভাই মো. কফিল উদ্দিন (৬৪)। এক প্রশ্নের জবাবে কফিল উদ্দিন বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরের শেষ দিকে কামারুজ্জামান ঢাকায় এলে কমলাপুর রেলস্টেশন থেকে তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। এর তিন বা সাড়ে তিন মাস পর তিনি মুক্তি পান।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কফিল উদ্দিনের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।জবানবন্দিতে কফিল উদ্দিন বলেন, তিনি কামারুজ্জামানের বড় ভাই। ১৯৬৭ সালে কামারুজ্জামান শেরপুরের জিকে স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর জামালপুর আশেক মাহমুদ কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি হন কিন্তু অসুস্থ থাকায় চূড়ান্ত পরীক্ষা দিতে পরেননি। পরের বছর তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে ভর্তি হলে দেশে আন্দোলন শুরু হয়। এ সময় মায়ের নির্দেশে কফিল উদ্দিন ছোট ভাই কামারুজ্জামানকে ময়মনসিংহ থেকে গ্রামের বাড়ি শেরপুরে নিয়ে আসেন। একাত্তরে যুদ্ধ চলাকালে কামারুজ্জামান উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেননি। পরে ১৯৭২ সালে নাসিরাবাদ কলেজ থেকে পরীক্ষা দিয়ে পাস করেন।আসামিপক্ষের চতুর্থ সাফাই সাক্ষী বলেন, এরপর তাঁর ভাই লেখাপড়ার উদ্দেশ্যে ঢাকায় চলে যান। স্কুল বা কলেজে পড়াকালে তিনি কখনো রাজনীতি করতেন না। যুদ্ধকালে কামারুজ্জামান বাড়িতেই ছিলেন। জবানবন্দি শেষে কাফিল উদ্দিনকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। ‘আপনাদের গ্রামের বাড়ি থেকে আহমদনগর কোন দিকে কত দূরে অবস্থিত’—কৌঁসুলির এ প্রশ্নে সাক্ষী বলেন, ‘উত্তর দিকে পাঁচ-ছয় কিলোমিটার দূরে।’ সেখানে পাকিস্তানি সেনাদের একটি ক্যাম্প ছিল এটা জানেন—এ প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, এটি আমি শুনেছি।’এক প্রশ্নের জবাবে কফিল উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে তিনি শেরপুর শহরে থাকতেন এবং ব্যবসা করতেন। ‘আপনি কি জানেন শেরপুর শহরে সুবেন্দ্র মোহন সাহার বাড়িতে রাজাকার ও আলবদর বাহিনীর একটি ক্যাম্প ছিল’—এ প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ’। মোহাম্মদ আলী মত (সাজেশন) দেন, ‘ওই ক্যাম্পে আপনার ভাই কামারুজ্জামানের যাতায়াত ছিল বা তিনি সেখানে বিভিন্ন হত্যাকাণ্ড বা মানবতাবিরোধী কর্মকাণ্ড নেতৃত্ব দিতেন।’ জবাবে কফিল উদ্দিন বলেন, ‘এটা সত্য নয়।’ তিনি আরও বলেন, ‘শুনেছি এই ক্যাম্পের একজন কমান্ডার ছিল তার নাম কামরান। সে শেরপুরে এই সকল ঘটনা ঘটিয়েছে।’‘একাত্তরের ২৯ ডিসেম্বর আপনার ভাই কামারুজ্জামান গ্রেপ্তার হয়েছিলেন এটা আপনি জানেন?’—প্রশ্নে সাক্ষী বলেন, একাত্তরের শেষ দিকে কামারুজ্জামান ঢাকায় এলে কমলাপুর রেলস্টেশন থেকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হন। এর সাত-আট দিন পর জেলখানা থেকে তাঁর ভাই পোস্টকার্ডে চিঠি লিখে এ বিষয়টি তাঁকে জানান। গ্রেপ্তারের তিন বা সাড়ে তিন মাস পর তিনি মুক্তি পান।জেরার শেষ পর্যায়ে কৌঁসুলি মত দেন, ‘ভাইকে অভিযোগ থেকে বাঁচানোর জন্য সত্য গোপন করছেন বা মিথ্যা বলছেন এবং আপনার ভাইয়ের পক্ষে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অনেক লোককে প্রভাবিত করেছেন।’ জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’