৭১ জনের বিদেশযাত্রা স্থগিত, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল পাসপোর্ট ও জাল ভিসা তৈরির অভিযোগে আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। ভ্রমণসংক্রান্ত কাগজপত্রে ত্রুটি থাকায় গতকাল বৃহস্পতিবার রাতে আসা ৭১ জনের যাত্রা স্থগিত করে অভিবাসন পুলিশ। এরমধ্যে ছয়জনকে আজ গ্রেপ্তার করা হয়। অভিবাসন পুলিশ জানিয়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আমন্ত্রণপত্র নিয়ে তাঁরা সবাই মালয়েশিয়া যাচ্ছিলেন। কিন্তু কেউই শিক্ষার্থী নন।একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গতকাল রাত ১০টার দিকে মালয়েশিয়াগামী ইউনাইটেড এয়ারওয়েজের একটি উড়োজাহাজে এসব যাত্রীর যাওয়ার কথা ছিল। কাগজপত্র সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের যাত্রা স্থগিত করা হয়। এরপর ওই ফ্লাইটটি বাতিল করে দেয় ইউনাইটেড। পরে কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, তাঁদের মধ্যে চারজন মালয়েশিয়ার জাল ভিসা সংগ্রহ করেছেন আর দুইজনের পাসপোর্টই জাল। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আর বাকি ৬৫ জনকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।অভিবাসন পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ঘটনার সঙ্গে জড়িত হিসেবে তাঁরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাঁচ কর্মকর্তাকে শনাক্ত করেছেন। বিষয়টি চূড়ান্ত করে ওই পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বেসামরিক বিমান কর্তৃপক্ষকে জানানো হবে।বিমানবন্দর থানার উপপরিদর্শক শামসুল হক বলেন, অভিবাসন পুলিশের উপপরিদর্শক ফেরদৌস আহমেদ ও রাজ্জাকুল ইসলাম আজ শুক্রবার ছয়জনের বিরুদ্ধে দুটি মামলা করেন। মালয়েশিয়ার জাল ভিসা সংগ্রহের অভিযোগে কামাল হোসেন (২১), দোলন মাহমুদ (৩০), শহীদুল ইসলাম (১৮) ও হারেস আলীর (২৬) বিরুদ্ধে মামলা হয়েছে। আর জাল পাসপোর্ট সংগ্রহের অভিযোগে এহসানউল্লাহ (২০) ও উলা মিয়ার (৩৮) বিরুদ্ধে মামলা হয়েছে। এই দুজনের জাল পাসপোর্টে কম্বোডিয়ার ভিসা ছিল।উপপরিদর্শক বলেন, জাল ভিসার অভিযোগে গ্রেপ্তার হওয়া চারজন জানিয়েছেন, ইউসুফ নামে এক দালাল মালয়েশিয়া পাঠানোর জন্য তাঁদের প্রত্যেকের কাছ থেকে দুই লাখ টাকা করে নিয়েছেন। জাল পাসপোর্টধারীরা জানিয়েছেন, ইয়াসিন আরাফাত নামে আরেক দালাল কম্বোডিয়া পাঠানোর কথা বলে দুইজনের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নিয়েছেন। ওই দালালই সব কাগজপত্র তৈরি করে দিয়েছেন।পুলিশের ধারণা, তাঁরা সবাই দালালের খপ্পরে পড়েছিলেন। দালালচক্র তাঁদের মিথ্যা তথ্য দিয়ে মোটা টাকা নিয়ে ভুয়া কাগজপত্রে বিদেশে পাঠাচ্ছিল।