বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির নেতারা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের ১০ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৪ অক্টোবর থেকে সমগ্র উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করা হবে বলে তাঁরা ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতা মজিবর রহমান বলেন, ‘আমরা ১০ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। কিন্তু সে সব দাবি মেনে নেওয়া হচ্ছে না। শ্রমিকেরা বারবার নিপীড়নের শিকার হচ্ছে। সেজন্য আমরা ১০ দফা দাবি সরকারের কাছে উত্থাপন করেছি।’ লিখিত বক্তব্যে বাস, কোচ ও ট্রাক-শ্রমিকদের ওপর পুলিশি নির্যাতন ও হয়রানি বন্ধসহ মুরগির ট্রাক থেকে ট্রাফিক সার্জেন্টদের চাঁদা আদায় বন্ধ করা, উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিক ও নেতাদের মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়াদের মুক্তি দাবি, পুলিশ প্রশাসনের নানা অজুহাতে উেকাচ নেওয়া বন্ধ করাসহ ১০ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।