৭২ পৌরসভায় ভোট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার থেকে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে। দেশের ছয়টি বিভাগে মোট চার দফায় ভোট গ্রহণ হবে।প্রথম দফায় আজ রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি পৌরসভায় ভোট হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। এ জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বরিশাল বিভাগে ভোট হবে। এরপর ১৭ জানুয়ারি ঢাকা বিভাগ এবং ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌরসভার ভোট গ্রহণ হবে। এ ছাড়া পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী ২৭ জানুয়ারি ১৪টি পৌরসভায় ভোট হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগের ২৩টি পৌরসভায় মেয়র পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে সর্বাধিক ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দিনাজপুরের বীরগঞ্জে। নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১৬ জন প্রার্থী। সর্বাধিক ২৬ জন নারী প্রার্থী রয়েছেন নীলফামারীর সৈয়দপুরে। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ১০১ জন। এ পদে সর্বাধিক ৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নীলফামারীর সৈয়দপুরে। এই ২৩ পৌরসভায় মোট ভোটার সাত লাখ ১৯ হাজার ৪১ জন।রাজশাহী বিভাগের ৪৯টি পৌরসভায় মেয়র পদে ২৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদে সর্বাধিক নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়পুরহাটের কালাই পৌরসভায়। নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৭৩ জন। সর্বাধিক ৪৪ জন নারী প্রার্থী রয়েছেন বগুড়া সদর পৌরসভায়। সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই হাজার ২৬৫ জন। এ পদে সর্বাধিক ১৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নীলফামারীর সৈয়দপুরে। এই ৪৯ পৌরসভায় মোট ভোটার ১৪ লাখ চার হাজার ৯৯০ জন।নিরাপত্তা-ব্যবস্থা: ভোটের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড (বিজিবি) ও আনসার সদস্যরা এরই মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় পৌঁছে গেছেন। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে।কমিশনের পরিপত্রে বলা হয়, ভোট গ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ভোট গ্রহণের পূর্ববর্তী ৩২ ঘণ্টা আগে থেকে ভোট গ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত পৌর এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া বহিরাগত লোকজন নির্বাচনী এলাকায় প্রবেশ করতে পারবে না। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো ধরনের ক্যাম্প স্থাপন করা যাবে না। কমিশন সূত্র জানায়, ভোটের দিন নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ৭৬ জন নির্বাহী হাকিমকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিচারিক হাকিমরাও দায়িত্ব পালন করবেন।নির্বাচন পর্যবেক্ষণ: পৌর নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন এবার ৬০টি বেসরকারি সংস্থাকে অনুমোদন দিয়েছে। এসব সংস্থার মোট পর্যবেক্ষকের সংখ্যা এক হাজার ৮৫৭ জন। এর মধ্যে সর্বাধিক ৪৪টি পৌরসভায় পর্যবেক্ষণ করবে খান ফাউন্ডেশন। পর্যবেক্ষণকারী বাকি সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সোসিও ইকোনমিক অ্যান্ড রুরাল অ্যাডভান্সমেন্ট ৩৬টি, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ) ২৫টি এবং ব্রতী ও রেডকো সোসাইটি ১৪টি করে পৌরসভায় পর্যবেক্ষক দল পাঠাবে।আরও ১১ পৌরসভায় সশস্ত্র বাহিনী: ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নির্বাচন কমিশন আরও ১১টি পৌরসভায় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে মাগুরা সদর, ঝালকাঠি সদর, মাদারীপুর সদর, চাঁদপুর সদর, কক্সবাজার সদর এবং একই জেলার টেকনাফ ও চকরিয়া, ভোলার বোরহানউদ্দিন ও কুষ্টিয়ার কুমারখালীতে সেনাবাহিনী এবং ভোলার চরফ্যাশন ও কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনী মোতায়েন করা হবে।এ ছাড়া বরিশালের মেহেন্দীগঞ্জে কোস্টগার্ড এবং যশোরের বেনাপোল ও চৌগাছাতে বর্ডার গার্ড থাকবে। গতকাল নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে কমিশন দুই দফায় ৬৩টি পৌরসভায় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল।