৭২ বছরের সাজাপ্রাপ্ত বিপ্লব মুক্তি পাচ্ছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি হত্যা ও একটি অস্ত্র মামলায় ৭২ বছরের সাজাপ্রাপ্ত চরমপন্থী নেতা আবদুস সালাম ওরফে বিপ্লব মুক্তি পেতে যাচ্ছেন। লাল্টু বাহিনীর দ্বিতীয় প্রধান বিপ্লব ১৯৯১ সাল থেকে কারাগারে আছেন। চুয়াডাঙ্গার দামুড়হুদায় খুনের দায়ে দুটি মামলায় যাবজ্জীবন, অর্থাৎ ৩০ বছর করে ৬০ বছর এবং আলমডাঙ্গা থানার একটি অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ড হয় বিপ্লবের। এই তিনটি মামলায় তিনি সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। খুন, লাশ গুম, অবৈধ আগ্নেয়াস্ত্র রাখাসহ বিপ্লবের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় ২৮টি এবং মেহেরপুরে তিনটি মামলা হয়। ৩১টি মামলার মধ্যে বাকি ২৮টিতে তিনি সাক্ষ্য-প্রমাণের অভাবে খালাস পেয়েছেন। চুয়াডাঙ্গায় ইটভাটায় পুড়িয়ে অর্ধশত মানুষকে হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগেও বিপ্লবের বিরুদ্ধে মামলা ছিল। কিন্তু সাক্ষ্য-প্রমাণ না মেলায় তিনি খালাস পান।কারাগার থেকে বিপ্লবের মুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। তারা বলছে, ১৯৯৯ সালে চরমপন্থীদের আত্মসমর্পণ করিয়ে এই এলাকায় সন্ত্রাস দমনে সরকার যে ইতিবাচক ভূমিকা রেখেছিল, তা বর্তমানে স্থানীয় নেতাদের কার্যক্রমে প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিপ্লব ছাড়া পাচ্ছেন—এ সংবাদে লাল্টু বাহিনীর সদস্যরা তৎপর হয়ে উঠছেন বলেও মন্তব্য করা হয় ওই চিঠিতে। চিঠিতে বলা হয়, বিপ্লব চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নানের আত্মীয়। তিনি সম্প্রতি কারাগারে বিপ্লবের সঙ্গে দেখাও করেছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে পুলিশ সদর দপ্তর বলেছে, ‘৭২ বছরের সাজাপ্রাপ্ত বিপ্লব আদালত থেকে জামিনে মুক্তি পাচ্ছেন। তবে বিপ্লবের মুক্তি নিয়ে রাজনৈতিক মহল ও আন্ডারওয়ার্ল্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।’ পুলিশের চিঠিতে আরও বলা হয়, গত ১ ফেব্রুয়ারি এই স্পর্শকাতর আসামির সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেছেন চুয়াডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ওরফে নান্নু। এ বিষয়টি চুয়াডাঙ্গার মানুষ জেনে নানামুখী প্রশ্নও তুলছে। তাঁর এই সাক্ষাৎ কি নিছক ব্যক্তিগত, নাকি দলীয় কোনো সংশ্লেষ আছে—এ প্রশ্ন সামনে আনছেন তাঁরা।চিঠিতে জানানো হয়, বিপ্লব ছাড়া পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী হবে তা পর্যবেক্ষণ করছেন কিছু রাজনৈতিক ও মানবাধিকারকর্মী। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চুয়াডাঙ্গা শাখা বিপ্লবের মুক্তির ক্ষেত্রে মানবাধিকার রক্ষিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মামলা করতে হবে। বিপ্লবের পরিবারের সদস্যদের এ রকম পরামর্শ দিয়েছেন স্থানীয় কিছু রাজনৈতিক নেতা। চিঠিতে বলা হয়, ‘বিপ্লব ছাড়া পাচ্ছেন—এ সংবাদে লাল্টু বাহিনীর সদস্যরা চাঙা হয়ে উঠেছে। লাল্টুর আরেক ভাতিজা বিপ্লবের চাচাতো ভাই দীপুর সঙ্গে আলমডাঙ্গা, ইসলামী বিশ্ববিদ্যালয়, শৈলকুপা ও মিরপুরের (কুষ্টিয়া) চরমপন্থীরা যোগাযোগ করছে। বিপ্লব ছাড়া পেলে পুনরায় আন্ডারগ্রাউন্ডে চলে যাবে।’এ ব্যাপারে যোগাযোগ করা হলে সদর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘আমি বিপ্লবকে চিনি না, কোনো দিন দেখিনি। কারাগারে তার সঙ্গে দেখা করার প্রশ্নই আসে না। বিপ্লবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তাই মুক্তির বিষয়টি আমি জানি না, তার ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো সহযোগিতা করার বিষয়ও নেই। তবে বিপ্লবের বাবা ও চাচা মুক্তিযোদ্ধা ছিলেন, আমি তাঁদের চিনতাম।’বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী তসিরুল আলম মালিক এ বিষয়ে বলেন, ‘বিপ্লবের মুক্তির বিষয়ে সম্প্রতি আমাদের সংগঠন থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তির পর তিনি যদি ভালো পথে থাকেন, তা হলে আমরা তাঁকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করব। তিনি যদি খারাপ পথে ফিরে যান, আমরা তাঁর বিরোধিতা করব। তাঁর মুক্তির পর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা তাঁর পরিবারকেও সহায়তা দেব।’ তিনি বলেন, ‘আমরা স্থানীয় প্রশাসনকেও আল্টিমেটাম দেব। তিনি যদি কারাগারে বসে বাইরে কোনো কলকাঠি নাড়েন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, তাহলে তাঁর মুক্তি পাওয়া ঠিক হবে না। আর যদি এমন কিছু না হয়ে থাকে, তাহলে আমরা তাঁর দ্রুত মুক্তি চাই এবং মুক্তির ক্ষেত্রে যেন কোনো বাধা সৃষ্টি করা না হয়।’ তসিরুল আলম জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকও। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা বিএনপির সাবেক মন্ত্রী নাজমুল হুদা ও তাঁর স্ত্রী সিগমা হুদা। সিগমা হুদা এখন এই সংগঠনের মহাসচিব। অনুসন্ধানে জানা গেছে, চুয়াডাঙ্গার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে বিগত যেকোনো সময়ের চেয়ে ভালো। এলাকাবাসীর মতে, দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চুয়াডাঙ্গায় চরমপন্থী দলের উল্লেখ করার মতো তেমন তৎপরতা এখন নেই। কিন্তু বিপ্লব মুক্তি পেলে শান্তিপ্রিয় এই জনপদ আবারও রক্তাক্ত হয়ে উঠতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। সূত্র জানায়, গত মাসে চুয়াডাঙ্গা কারাগার থেকে বের হওয়ার কথা ছিল বিপ্লবের। একজন জনপ্রতিনিধিকে দিয়ে তাঁকে বরণেরও উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ওই জনপ্রতিনিধি আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত তা হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি মেহেরপুরের একটি মামলায় হাজিরা থাকায় বিপ্লবকে ২৩ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়। সেখান থেকে যেকোনো সময় বিপ্লব মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র। কারাবন্দী চরমপন্থী শীর্ষস্থানীয় নেতা বিপ্লবের সঙ্গে সম্প্রতি কারাগারে দেখা করার অভিযোগের বিষয়ে চুয়াডাঙ্গার জেলা আওয়ামী লীগের একাধিক নেতা প্রথম আলোকে জানিয়েছেন, আবদুল মান্নান যদি চরমপন্থী নেতা বিপ্লবের সঙ্গে কারাগারে দেখা করেন, সেটা একান্তই তাঁর পারিবারিক ব্যাপার। কারণ, বিপ্লবের ছোট ভাই দেলোয়ার হোসেন আবদুল মান্নানের জামাতা। তাই এ ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। চুয়াডাঙ্গার কারাগারের তত্ত্বাবধায়ক মো. গোলাম হোসেন প্রথম আলোকে জানান, একটি মামলায় গত ২৮ ফেব্রুয়ারি আবদুস সালাম বিপ্লবের মেহেরপুর আদালতে হাজিরার দিন ছিল। সে হিসেবে তাঁকে আগেই চুয়াডাঙ্গা থেকে নেওয়া হয়েছে। তবে মামলাগুলোর অবস্থা তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। চুয়াডাঙ্গার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশ পালনে পুলিশ বাধ্য। পাশাপাশি জননিরাপত্তা দেওয়াও পুলিশের প্রধান কর্তব্য। বাস্তবতা পুলিশ কখনো উপেক্ষা করতে পারে না। বিপ্লব মুক্তি পেয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।’চাচা চরমপন্থী সংগঠনের প্রধান, দাদা ডাকাতবিপ্লবের চাচা নূরুজ্জামান লাল্টু চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির প্রধান। বিপ্লবের দাদা আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলাম ‘সিরাজ ডাকাত’ নামেই পরিচিত ছিলেন। পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র ও স্থানীয় প্রবীণ রাজনীতিকেরা জানান, ১৯৬৩ সালে আলমডাঙ্গা এলাকার শিবপুর গ্রামের একটি বাড়ি দখলকালে বিক্ষুব্ধ গ্রামবাসী সিরাজ ডাকাতকে বাঁশের সুঁচালো ফলা বিদ্ধ করে মেরে ফেলে। তবে বিপ্লবের বাবা মতিয়ার রহমান ছিলেন মুক্তিযোদ্ধা। বিপ্লবের চাচা নূরুজ্জামান ওরফে লান্টুও ছিলেন একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর দুই ভাই-ই জাসদে যোগ দেন। পরে জাসদের গণবাহিনীর আঞ্চলিক সামরিক কমান্ডারের দায়িত্ব পান মতিয়ার রহমান। কিন্তু দায়িত্ব গ্রহণের আগেই দুই ভাইকে আটক করে পুলিশ। চুয়াডাঙ্গা উপকারাগারে থাকাকালে ১৯৭৩ সালের ১৪ জুলাই ১৫২ জন হাজতি ও কয়েদিসহ দুই ভাই কারাগার ভেঙে পালিয়ে যান। এই দুই ভাইয়ের কারণে ১৯৭৪ সালে প্রতিপক্ষের হাতে খুন হন আতিয়ার রহমান নামের তাঁদের এক ভাই। চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের একটি গ্রামে ছিল জাসদ গণবাহিনীর আস্তানা। ১৯৭৫ সালের ২৫ ফেব্রুয়ারি রক্ষীবাহিনী ও পুলিশ যৌথভাবে সেখানে হানা দিলে উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। এতে সাতজন পুলিশ সদস্য নিহত হন। একই বছরের ২১ মার্চ মেহেরপুর জেলা শহরের ট্রেজারির অস্ত্রাগার লুট করতে গিয়ে গুলিতে নিহত হন বিপ্লবের বাবা মতিয়ার রহমান। পরে নূরুজ্জামান লাল্টুু ভাতিজা বিপ্লবকে সঙ্গে নিয়ে ১৯৯১ সালে কথিত চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৯৮ সালের ১ ডিসেম্বর বিপ্লবসহ নিজের অনুসারীদের নিয়ে গঠন করেন নতুন চরমপন্থী দল বাংলার কমিউনিস্ট পার্টি। সেই পার্টির প্রধানের দায়িত্ব নেন লাল্টু এবং দ্বিতীয় প্রধান করেন বিপ্লবকে। গত আওয়ামী লীগ সরকারের আহ্বানে বিপ্লব ১৯৯৯ সালের ২৯ জুলাই তাঁর চাচার নেতৃত্বে আত্মসমর্পণ করেন।