৭২০০ ঋণখেলাপি সমবায়ীর বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকা ও জাল কিনতে ১১০ কোটি টাকা ঋণ নেওয়া উপকূলীয় ১৪ জেলার ৬০০ সমবায় দলের সব কটিই ঋণখেলাপি হয়ে পড়েছে। এ জন্য সুবিধাভোগীরা ঋণের উপকরণ বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ করেছেন।পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আঙুল তুলছে সমবায় দলগুলোর কথিত অনৈতিকতার দিকে। এক দশকে (২০০০-২০১০) এসব সমিতিকে দেওয়া ১১০ কোটি টাকার ঋণ সুদাসলে কয়েক গুণ হয়েছে। তবে কোনো সুদ তো পাওয়া যায়ইনি, আসল আদায় করা গেছে মাত্র সাড়ে তিন কোটি টাকা। ইতিমধ্যে ওই সমবায়ীদের বিরুদ্ধে ৫৫টি ফৌজদারি মামলা হয়েছে। পর্যায়ক্রমে ঋণখেলাপি সব দলের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।বেশির ভাগ সমবায় দলের দাবি হচ্ছে, মাছ ধরতে গিয়ে নৌকাগুলো ডুবে গেছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ বলছে, নৌকা ডুবে যাওয়া বা অচল হওয়ার কিছু ঘটনা ঘটতে পারে। কিন্তু ঢালাওভাবে এ কথা বলে ঋণ ফেরত না দেওয়ার অপচেষ্টা চলছে।প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, জেলে পরিচয়ে ঋণ নেওয়া হলেও অধিকাংশই ছিলেন অন্য পেশার মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি বা তাঁদের ঘনিষ্ঠরাই এ সুবিধা নেন। সমবায়ী দল গঠনের সময় স্থানীয় পর্যায় থেকেই অনিয়মের শুরু হয়। এর সঙ্গে যুক্ত হয় সমবায় অধিদপ্তর ও স্থানীয় কিছু সমবায় কর্মকর্তার দুর্নীতি। ১৯৯১ সালে উপকূলে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের মধ্যে সমবায় সমিতি গঠন করা হয়। প্রকল্প গ্রহণ করে ৬০০ যান্ত্রিক নৌকা ও সমানসংখ্যক জাল কিনে তা মৎস্যজীবীদের হাতে তুলে দেওয়া হয় ২০০০ সালে। একেকটি সমিতির ১২ জন সদস্য হিসেবে মোট সাত হাজার ২০০ ব্যক্তি এই ঋণের জন্য দায়বদ্ধ। জাপানের অনুদান হিসেবে পাওয়া এই টাকা ৭ শতাংশ সরল সুদে পরবর্তী ১০ বছরে ১০টি কিস্তির মাধ্যমে পরিশোধ করার কথা ছিল। প্রতিটি ট্রলার ও অন্যান্য উপকরণের দাম বাবদ সব মিলিয়ে সমিতিভেদে ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ৫৪ হাজার অথবা ২১ লাখ টাকা। সুদাসলে তা ৩০ থেকে ৩৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, ঋণখেলাপি প্রতিটি দলের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে এবং এ প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী পাওনা টাকা আদায়ে মামলা দায়েরের বিকল্প নেই। ঋণ ফেরত না দেওয়ার যুক্তিগুলো সমবায়ীদের আদালতে প্রমাণ করতে হবে।হাতিয়ার অভিজ্ঞতা: নোয়াখালীর হাতিয়ায় গঠিত সমবায় সমিতিগুলোর ৩২টি ট্রলার ছিল। এর মধ্যে ২৪টি এখনো মাছ ধরার কাজে ব্যবহূত হচ্ছে। কিন্তু ঋণের টাকা কেউ শোধ করছেন না। আনোয়ার হোসেন নামের একজনের ট্রলার তাঁর মৃত্যুর পর বিক্রি করে দেওয়া হয়েছে। আনোয়ার প্রায় নয় বছর আগে মারা গেছেন। মৃত্যুর আগে তিনি ট্রলারটি ছেলের নামে হস্তান্তর করেছিলেন। এ ছাড়া আমিন মাঝি, হানিফ মাঝি, জামাল উদ্দিন, আবুল কালাম ও আনোয়ারুল হকের নামে বরাদ্দকৃত পাঁচটি ট্রলার বিভিন্ন সময় মাছ ধরতে গিয়ে ডুবে গেছে বলে দাবি করা হয়েছে। আ. মোতালেব নামের এক দলনেতা তিন বছর আগে মারা গেছেন। দুই দলনেতা সুভাষ চন্দ্র জলদাস ও জগদীশ চন্দ্র জলদাস ভারতে চলে গেছেন।মাহফুজুল হক ওরফে জামাল মেম্বারের ট্রলারটি মাছ ধরার বদলে হাতিয়া ও চট্টগ্রামের মধ্যে যাত্রী আনা-নেওয়া করত। এক দুর্ঘটনায় ট্রলারটি ডুবে গেলে দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মাহফুজুল হক তিন মাস জেল খাটেন। তাঁর ট্রলারটি স্থানীয় হানিফ মেম্বারের জিম্মায় রাখা হয়। প্রায় ছয় বছর ধরে এটি বুড়িরচর ইউনিয়নের হাজীর বাজারের কাছে মেঘনার তীরের কাদায় ডুবে রয়েছে। ট্রলারটির কাঠ পচে গেছে এবং ইঞ্জিন কে বা কারা খুলে নিয়ে গেছে। বুড়িরচর কালীর ডেইল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আনোয়ারুল হক প্রথম আলোকে বলেছেন, তাঁর ট্রলারটি ডাকাতে নিয়ে গেছে। তিনি কিছু ঋণ ইতিমধ্যে পরিশোধ করেছেন। সাগরদী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জামাল উদ্দিন বলেন, ট্রলারটি বুঝে নেওয়ার দুই বছর পরই তা সাগরে ডুবে যায়। রোজগার না থাকায় তিনি ঋণ শোধ করতে পারছেন না। ঋণখেলাপিদের অভিযোগ: ঋণসুবিধা পাওয়া মৎস্যজীবী দলের নেতারা বলছেন, সরকারি কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির কারণে নৌকা নিয়ে তাঁরা লাভবান হতে পারেননি। তাঁরা অভিযোগ করেন, প্রকল্পভুক্ত হওয়ার সময় প্রতিটি মৎস্যজীবী দলের কাছ থেকে সংশ্লিষ্ট সমবায় কর্মকর্তারা বিভিন্ন ‘খাতের’ কথা বলে মোটা অঙ্কের টাকা নিয়েছেন।ঋণখেলাপি দলগুলোর দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেরা কাজ না করে অন্যদের উপচুক্তির (সাব-কন্ট্রাক্ট) মাধ্যমে নিম্নমানের কাঠ দিয়ে নৌকা তৈরি করায়। নির্ধারিত জাপানি ইঞ্জিন না দিয়ে কোরীয় নিম্নমানের ইঞ্জিন দেওয়া হয়। জাল তৈরির সুতার মানও ভালো ছিল না। আর নকশা ও নির্মাণ-ত্রুটির কারণে নৌকাগুলো ঢেউয়ের আঘাতে ভেঙেচুরে নষ্ট হয়েছে বা ডুবে গেছে। লক্ষ্মীপুরের রামগতির পশ্চিম বালুরচর পণ্ডিতপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী দলনেতা মো. নজরুল ইসলাম পাটোয়ারী (নীরব পাটোয়ারী) বলেন, ১৯৯৯ সালে তিনি একটি যান্ত্রিক নৌকা পান। চার মাস পরই ইঞ্জিন বিকল হয়ে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর তিনি মাছ ধরার কাজ ছাড়তে বাধ্য হয়েছেন। নীরব পাটোয়ারী জানান, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে তাঁর নিজের ট্রলার ১৬ জন জেলেসহ সমুদ্রে ডুবে যায়। এতে ১৪ জেলে মারা যান। ঋণসুবিধা নিয়ে নৌকা কেনার ক্ষেত্রে প্রাথমিক সমিতির সুবিধাভোগী মৎস্যজীবী দলের নেতা, উপজেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি এবং জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ত্রিপক্ষীয় চুক্তি সই করেন। রামগতি উপজেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি ইকবাল মাহমুদ বলেন, সুবিধাভোগী মৎস্যজীবীদের চুক্তিপত্রের শর্ত জানতে দেওয়া হয়নি। চুক্তির কোনো অনুলিপিও তাঁদের দেওয়া হয়নি। তিনি বলেন, চুক্তি সইয়ের পর চট্টগ্রাম ডকইয়ার্ডে সরবরাহ নিতে গিয়ে নৌকার নিম্নমান দেখে মৎস্যজীবীরা তা গ্রহণে আপত্তি জানান। কিন্তু সেই আপত্তি আমলে নেওয়া হয়নি। সমবায় কর্মকর্তারা বলছেন, ঋণ গ্রহণের এত দিন পর খেলাপি অবস্থায় নৌকা ও অন্যান্য উপকরণের মান নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। সুবিধাভোগীেরা তখন নৌকা না নিতে পারতেন। ছিল না বিমা: রামগতি থানার ইস্ট রামগতি মৎস্যজীবী সমবায় সমিতির ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী দলনেতা মো. ইউছুফ দাবি করেছেন, তাঁর নৌকাটি সমুদ্রে ডুবে গেছে। এখন আর তিনি মাছ ধরছেন না। কিন্তু সুদাসলে প্রায় ৩২ লাখ টাকার ঋণের বোঝা তাঁর ওপর। মো. ইউছুফ বলেন, নৌকাটি বিমা করা থাকলে তাঁরা কিছুটা ক্ষতিপূরণ পেতেন। ৩৮ লাখ টাকা ঋণখেলাপি দক্ষিণ চর রমিজ মৎস্যজীবী সমবায় সমিতির দলনেতা মো. ফকরুদ্দিনও বিমার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি দাবি করেন, নিম্নমানের নৌকা, এর ইঞ্জিন ও জাল ব্যবহারের উপযোগী রাখতে গিয়ে সর্বস্ব খুইয়েছেন। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন শাজাহান তালাসী, রামগতি (লক্ষ্মীপুর); আবদুর রাজ্জাক, পটিয়া (চট্টগ্রাম); মানিক মজুমদার, হাতিয়া (নোয়াখালী) ও ইশরাত হোসেন, গলাচিপা (পটুয়াখালী)]