৭৫-এর ৭ নভেম্বর যাঁদের হত্যা করা হয় তাঁরা সবাই মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫ সালের ৭ নভেম্বর বিপ্লবের নামে ও এর পরে যাঁদের হত্যা করা হয়েছে, তাঁদের সবাই মুক্তিযোদ্ধা। এর আগে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে একই উদ্দেশ্যে। যাঁরা বাংলাদেশকে একটি স্বপ্নের জায়গায় নিতে পারতেন, তাঁদের সরিয়ে দেওয়াই ছিল এই হত্যার উদ্দেশ্য। শহীদ জাতীয় নেতাদের স্মরণে আজ শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় মুক্তিযুদ্ধের সামরিক কমান্ডার, শিক্ষকনেতা ও একটি পত্রিকার সম্পাদক বক্তব্য দেন। তাঁরা ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও পরের বিভিন্ন হত্যার বিচারের পাশাপাশি এর পেছনের লোকদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর যাঁদের হত্যা করা হয়েছে, তাঁদের সবাই মুক্তিযোদ্ধা। একটি বিরাট ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁদের হত্যা করা হয়েছিল। কেউ যদি মনে করে এই ষড়যন্ত্র এখন থেমে আছে, তাহলে তিনি ভুল করবেন।এ কে খন্দকার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার পর যে সংবিধান প্রণয়ন করা হয়, তাতে লেখা ছিল ধর্মের ওপর ভিত্তি করে কোনো দল করা যাবে না। এখন সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সেই সংবিধান পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করব ৩০ লাখ শহীদের রক্ত দিয়ে লেখা সংবিধান অক্ষত থাকবে।’সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘১৫ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যার পাশাপাশি জিয়াউর রহমান হত্যারও তদন্ত হওয়া প্রয়োজন। তাঁর মৃত্যুর পর অনেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়েছে। অথচ জিয়াকে যেদিন চট্টগ্রামে হত্যা করা হয়, তখন তাঁরা সেই জেলায়ই ছিলেন না।’জাতীয় চার নেতার হত্যার কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার পর অসমাপ্ত কাজটি করা হয়েছে ৩ নভেম্বর। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করাই ছিল এর উদ্দেশ্য। এই ষড়যন্ত্র এখনো থেমে নেই। আমরা প্রতিদিনই তা দেখতে পাচ্ছি।’ফোরামের মহাসচিব সাবেক সেনাপ্রধান হারুন অর রশীদ ৭৫-এর ৩ ও ৭ নভেম্বরের হত্যাকাণ্ডের তদন্তে একটি কমিটি গঠনের দাবি করেন। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। তারা যদি কোনো ফাঁক গলে বেঁচে যায়, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না।’একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের কথা উল্লেখ করে কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক আবেদ খান বলেন, ‘আমরা যে সাপের লেজে পা দিয়েছি তার মাথাটা ভাঙা দরকার। নইলে সে সাপ উল্টে আমাদের ছোবল দেবে।’