৭৫ গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ৪০টি, পটুয়াখালীর ২২টি, বরগুনার ১০টি ও কিশোরগঞ্জের তিনটি গ্রামের মানুষ আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। ঈদ উদযাপনে সৌদি আরবের রীতির সঙ্গে সংগতি রেখে প্রতি বছরের মতো এবারও এ চারটি জেলার এসব গ্রামের মানুষ ঈদ উদযাপন করছে। এদিকে, মৌলভীবাজার পৌরসভার সার্কিট হাউস এলাকায় একটি ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়েছে।পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফের পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত আখন্দ জানান, তাঁদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় দরবার শরীফ মসজিদে। সকাল সাড়ে নয়টায় ঈদের প্রধান জামাতের ইমামতি করেন দরবার শরীফের ছোট পীরজাদা মুতাওয়াক্কিল বিল্লাহ (শাহ সাহেব)। নাজমুস সায়াদাত বলেন, এ বছরও জেলার সদর, গলাচিপা, বাউফল, কলাপাড়া উপজেলার ২২ গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবার ঈদ উদযাপন করছেন।চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উপজেলার ৪০ গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম মাওলানা ইসহাক খানের চতুর্থ ছেলে মাওলানা জাকারিয়া আল মাদানী একদিন আগে ঈদ পালনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদের চাঁদ ওঠার খবর পাওয়ায় তারা একদিন আগে ঈদ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার পিতা মরহম মাওলানা ইসহাক খান বিশ্বের অন্য কোথাও চাঁদ উঠেছে শুনে ১৯৩১ সালে প্রথম হাজীগঞ্জের সাদ্রা গ্রামে এ রীতি চালু করেন। এরপর থেকে হাজীগঞ্জ উপজেলার ১১ গ্রামে, ফরিদগঞ্জ উপজেলার ২২ গ্রামে ও মতলব উত্তর উপজেলার ৭টি গ্রামের প্রায় অর্ধ লাখ মুসলমান এ নীতি অনুসরণ করে চলেছে। বরগুনা: বরগুনার সদর, বেতাগী ও আমতলী উপজেলার ১০টি গ্রামে সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বরগুনা শহরের হাইস্কুল রোডের মোখলেছুর রহমান শরীফ জানান, তাঁরা হযরত কাদেরিয়া চিশতির অনুসারী। সৌদি আরবের সঙ্গে মিল রেখে তাঁরা রোজা শুরু করেন এবং ঈদ উদযাপন করেন। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার তিনটি গ্রামের শতাধিক পরিবার ঈদ উদযাপন করছেন। মৌলভীবাজার: সৌদি আরবের সঙ্গে মিল রেখে সকাল সাড়ে নয়টায় মৌলভীবাজার পৌরসভার সার্কিট হাউস এলাকায় একটি ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ৫১ জন মুসল্লি¬।ঈদ উদযাপনকারীরা জানান, পৃথিবীর যেকোনো প্রান্তে ঈদের চাঁদ দেখা গেলে এবং দুজন প্রতক্ষ্যদর্শী চাঁদ দেখেছেন বলে সাক্ষী দিলেই ঈদ উদযাপন গ্রহণযোগ্য।