৭৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৫ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত ৭৫ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি। একই দিন শুনানির তারিখও ধার্য করা হয়। বিডিআরের রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৪ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। এরপর আদালত মুলতবি করা হয়।গতকাল সকাল সাড়ে নয়টায় বিশেষ আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সভাপতিত্বে এই মামলার বিচারকাজ শুরু হয়। তাঁকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী, বিডিআরের লে. কর্নেল আবদুর রউফ ও মেজর এ জেড এ গোলাম মুস্তফা আল মামুন। কৌঁসুলি লে. কর্নেল মো. শামীমুর রহমানকে সহায়তা করেন হাইকোর্টের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও হাবিবুর রহমান।আদালতের কার্যক্রম শুরু হলে মেজর জেনারেল মইনুল কৌঁসুলির কাছে জানতে চান আসামিরা হাজির আছেন কি না। জবাবে কৌঁসুলি আদালতের আদেশ তামিল হয়েছে বলে জানান। এরপর আদালতের সভাপতি একে একে ৭৫ জেসিও ও জওয়ানের নাম পড়ে সবাই উপস্থিত আছেন কি না তা নিশ্চিত করেন। এরপর তিনি আসামিদের বিরুদ্ধে কোনো বক্তব্য আছে কি না তা কৌঁসুলির কাছে জানতে চান। কৌঁসুলি ‘হ্যাঁ’ সূচক জবাব দিয়ে আদালতের অনুমতি নিয়ে অভিযোগ উপস্থাপন করেন।কৌঁসুলি অভিযোগ উপস্থাপনকালে বলেন, ‘মাননীয় আদালত, যাঁরা তাঁদের অধিনায়ককে (লে. কর্নেল হাফিজুর রহমান) চাঁদের গাড়িতে তুলে দেওয়ার উদ্যোগ নেন, এই উদ্যোগের প্রতিবাদ করেন না, তাঁদের কখনো সুশৃঙ্খল সৈনিক বলা যায় না। তাঁদের অনেকে তত্কালীন অধিনায়ককে ব্যাটালিয়ন থেকে ধাওয়ার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তাহীন রেখে উল্লাস করেন এবং প্রীতিভোজের উদ্যোগ নেন। আমি এখন তাঁদের অধিনায়ক ও অভিভাবক। আমার দুর্ভাগ্য যে অধিনায়ক হিসেবে আমি তাঁদের আইনের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছি।’অভিযোগ উপস্থাপন করতে কৌঁসুলির প্রায় ২৫ মিনিট সময় লাগে। বিচার কার্যক্রম চলাকালীন আসামিরা কী করতে পারবেন এবং কীভাবে আইনি সুবিধা নিতে পারবেন, তার বর্ণনা দেন আদালতের সভাপতি। এরপর আগামী ১৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও শুনানির দিন ধার্যের ঘোষণা দিয়ে আদালত মুলতবি করা হয়।অভিযোগে যা আাাছে: কৌঁসুলি লে. কর্নেল শামীমুর রহমান গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি মারিশ্যা ব্যাটালিয়নের বিশৃঙ্খল ও উত্তেজনাকর পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘মাননীয় আদালত, ব্যাটালিয়নের বিন্যাস ও বিস্তৃতির কারণে অনেক জওয়ান অফিসারদের কাছে যেতে পারেননি, তবে দূর থেকে বেতারযন্ত্র ও অন্যান্য মাধ্যমে উল্লাস করে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। ব্যাটালিয়নে অধিনায়কের অবস্থানকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) বিজয় ম্যানুয়েল ডি প্যারিসের নির্দেশে সৈনিকেরা অস্ত্রাগার ও ম্যাগাজিন খুলে বিভিন্ন স্থানে সশস্ত্র অবস্থান নেন এবং দিগ্বিদিক ছোটাছুটি করেন। একজন সৈনিক স্টিল হেলমেটে করে গ্রেনেড সংগ্রহের পর সৈনিকদের মাঝে বিতরণ করেন। এ রকম ৬০ জন জেসিও ও জওয়ানের হাতে অস্ত্র, গ্রেনেড ও গোলাবারুদ দেখা গেছে।’কৌঁসুলি আদালতকে জানান, ডিএডি প্যারিস ব্যাটালিয়নের সব সৈনিককে সশস্ত্র অবস্থান নেওয়ার পাশাপাশি দীঘিনালা-মারিশ্যা সড়কে প্রতিবন্ধকতা তৈরির আদেশ দেন। প্যারিস নিজেকে ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবেও ঘোষণা দেন। পিলখানার ঘটনায় দেশ ও বিশ্ববাসী যখন উদ্বিগ্ন, তখন একজন হাবিলদারের আহ্বানে সাড়া দিয়ে ডিএডি প্যারিস প্রীতিভোজ আয়োজনের নির্দেশ দেন। যদিও সুবেদার মেজরসহ কয়েকজন মানবিক গুণাবলিসম্পন্ন সদস্যের বিরোধিতায় সেই আয়োজন সম্ভব হয়নি।কৌঁসুলি শামীমুর রহমান বলেন, আসামিরা বিদ্রোহের উদ্দেশ্যে একে অপরের সহযোগিতায় পিলখানার বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অভিযোগ করা হয়, তাঁরা ব্যাটালিয়নে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঔদ্ধত্য আচরণ, মারিশ্যা বাজার ও আশপাশের এলাকায় মাইকিং করে জনমনে ভীতিকর পরিবেশ সৃষ্টি, বেতারযন্ত্রে আপত্তিকর মন্তব্যসহ বিভিন্ন অপরাধ করেছেন। এসব অভিযোগ বাংলাদেশ রাইফেলস অধ্যাদেশের ১৯৭২-এর ১০এ(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আগামী ধার্য তারিখে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন কৌঁসুলি।ডিএডি প্যারিস: বিডিআর আইনে জেসিও ও জওয়ানদের শুধু বিচারের আওতায় আনা সম্ভব। বিদ্রোহের সময়ে স্বঘোষিত অধিনায়ক ডিএডি প্যারিস কর্মকর্তা হওয়ায় এই আইনে তাঁর বিচার করা সম্ভব নয়। তিনি রাঙামাটি কারাগারে আছেন।লে. কর্নেল শামীমুর রহমান এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, প্রচলিত বিডিআর আইনে ডিএডি প্যারিসের বিচার সম্ভব নয়। তাঁর বিরুদ্ধে অন্যভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।