সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির লাশ গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থান থেকে তোলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাঁদের লাশের রাসায়নিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহের পর বিকেলে তা আবার আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।নৃশংস হত্যাকাণ্ডের ৭৫ দিন পর সাংবাদিক দম্পতির লাশ উত্তোলন করা হলো। র্যাবের তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার নিহত সাগর-রুনির লাশ তোলার আদেশ দেন আদালত। গতকাল বেলা পৌনে ১২টার দিকে আজিমপুর কবর থেকে সাংবাদিক সাগর-রুনির তোলা লাশ সাদা রঙের একটি অ্যাম্বুলেসে ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়। এ সময় লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ ছাড়া র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তদন্ত কর্মকর্তা ও তদন্ত তদারক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক মোখলেসুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের দল সাংবাদিক দম্পতির শরীর থেকে রাসায়নিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করেন। অপর দুই সদস্য হলেন, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান সরদার ও প্রভাষক পারভেজ ইফতেখার আহমেদ। তাঁরা সাগর-রুনির অঙ্গপ্রত্যঙ্গের অংশবিশেষ সংগ্রহ করেন। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে সাংবাদিক দম্পতির লাশ দাফনের জন্য র্যাবের পাহারায় আজিমপুর কবরস্থানে নেওয়া হয়। জানতে চাইলে ময়নাতদন্তকারী কামরুল হাসান প্রথম আলোকে বলেন, সাংবাদিক দম্পতির লাশে পচন ধরেছে। গতকাল তাঁদের দুজনের শরীরের চুল, দাঁত, হাড় ও পাকস্থলী, যকৃত ও কিডনির অংশবিশেষ সংগ্রহ করা হয়েছে। তাঁদের শরীরে কোনো বিষাক্ত কিছু ছিল কি না তা পরীক্ষার জন্য পুলিশকে দিয়ে মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।এর আগে সকালে র্যাবের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে একদল র্যাব সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন ডোম আজিমপুর কবরস্থানে যান। এ সময় গণমাধ্যম-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। নির্বাহী হাকিমের নির্দেশে সাংবাদিক সাগর সরওয়ারের কবর চিহ্নিত করে সকাল সোয়া ১০টার দিকে তিন ডোম কোদাল দিয়ে কবরের মাটি সরানো শুরু করেন। সকাল ১০টা ৩৮ মিনিটে পথিলিনে মোড়ানো সাগরের লাশটি কবর থেকে তুলে কফিনে রাখা হয়। এরপর ১০টা ৪০ মিনিটে রুনির কবর থেকে মাটি সরানো শুরু হয়। ১০ মিনিটের মধ্যে পলিথিনে মোড়ানো রুনির লাশ কবর থেকে তুলে আরেকটি কফিনে রাখা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান, তদন্ত তদারক দলের ফজলুর রহমান ও রওশন আরা বেগম, তদন্ত কর্মকর্তা জাফর উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রুনির ভাই ও মামলার বাদী নওশের আলম ও সাগরের দুই খালাতো বোনসহ নিহতদের কয়েকজন আত্মীয়স্বজন। তাঁরা ছিলেন অনেকটা হতবাক, কেউ এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। আজিমপুর কবরস্থানে নির্বাহী হাকিম শাহেদুজ্জামান সাংবাদিকদের বলেন, তিনি আদালতের আদেশ পালন করতে এসেছেন। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, সাংবাদিক দম্পতিকে হত্যার আগে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছিল কি না তদন্ত কর্মকর্তার মধ্যে এ নিয়ে প্রশ্ন ওঠায় তাঁদের অঙ্গপ্রত্যঙ্গের রাসায়নিক পরীক্ষা করানো হচ্ছে। এর পরও তদন্ত কর্মকর্তার মনে আরও প্রশ্ন জাগলে প্রয়োজনে দেশের বাইরেও এই পরীক্ষা করানো হতে পারে। গত ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাংবাদিক দম্পতির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ মর্গে দুজনেরই ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ তখন সাংবাদিকদের জানিয়েছিলেন, আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁদের মৃত্যু হয়েছে। মর্গ সূত্র জানায়, ময়নাতদন্তের আবেদনে পুলিশ রাসায়নিক পরীক্ষার আলামত সংগ্রহের বিষয়টি উল্লেখ করেনি। পুলিশ উল্লেখ না করলে কেউ স্বেচ্ছায় এটা করে না।