৭৫ বিলাসপণ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকর
৭৫টি বিলাসপণ্যে ২৫ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। গত বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ইতিমধ্যে এ-সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূলত বিদেশি বিলাসপণ্যের ব্যবহার কমাতে এ উদ্যোগ নিয়েছে সরকার।গত ফেব্রুয়ারি মাসে ৭৯টি বিলাস-পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের জন্য সুপারিশ করেছিল ট্যারিফ কমিশন। যাচাই-বাছাইয়ের পর সেই তালিকা থেকে ৭১টি পণ্যে এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় এনবিআর। এর পাশাপাশি চার ধরনের তৈরি পোশাক (সালোয়ার-কামিজ) আমদানিতেও একই ধরনের নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছে এনবিআর। শুল্ক আরোপের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের আম, কমলা, টমেটো ও আনারসের জুস, বিস্কুট, সস, আঙুর, আপেল, নাশপাতি, চকলেট, চুইংগাম, পেস্ট্রি, কেক, টমেটো কেচাপ, বোতলজাত পানি, অ্যালকোহলমুক্ত কোমল পানীয়, গ্রানাইট, নুড়ি, স্যানিটারি টাওয়েল, এয়ারকন্ডিশনারের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কম সিসিসম্পন্ন মোটরসাইকেল, বিভিন্ন ধরনের বিলাসী রেফ্রিজারেটর, ফ্রিজার ইত্যাদি।কোনো পণ্যের আমদানিমূল্য ১০০ টাকা হলে ২৫ টাকা নিয়ন্ত্রণমূলক শুল্ক হিসেবে দিতে হবে। এরপর নিয়ন্ত্রণমূলক শুল্কসহ আমদানিমূল্য ধরা হবে ১২৫ টাকা। এই মূল্যের ওপর ২৫ শতাংশ আমদানিশুল্ক দিতে হবে। এরপর পণ্যভেদে ২০, ৩০, ৪৫, ৬০, ১০০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ হবে। নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ফলে এসব পণ্য আমদানিতে আমদানিকারকদের কমপক্ষে সাড়ে ৩২ শতাংশ খরচ বাড়বে। আর ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম বাড়বে আরও বেশি।