৭৫ বোতল ফেনসিডিলসহ তিন শিশু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে ৭৫ বোতল ফেনসিডিলসহ তিন শিশুকে পুলিশ গ্রেপ্তার করেছে। শিশুদের পরিবার ও এলাকাবাসীর দাবি, গ্রেপ্তার হওয়া শিশুদের এক বন্ধুর বাবা মাহফুজুর রহমান ফেনসিডিল ব্যবসায়ী। তাঁর ফাঁদে পড়েই শিশুদের এ অবস্থা। মামলার বাদী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম জানান, গতকাল রাতে রামচন্দ্রপুর গ্রামের একইর বাজারের কয়েকজন লোক ফেনসিডিলসহ ওই তিন শিশুকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে শিশুদের কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া শিশুদের ভাষ্য, তারা তিন বন্ধু। এক শিশু কাটলা বাজারে একটি হোটেলে কাজ করে। বাকি দুই শিশু ট্রলির চালকের সহযোগী। রামচন্দ্রপুর গ্রামের মাহফুজুর রহমানের (৩৭) ছেলে তাদের বন্ধু। মাহফুজুর রহমান প্রায়ই শিশুদেরকে নিজের খরচে ঢাকা নিয়ে যাবেন বলে লোভ দেখাতেন। শিশুরা তাঁর সঙ্গে যেতে রাজি হয়। গতকাল বিকেলে মাহফুজুর রহমান ওই তিন শিশুকে পাশের চকেন্দাব গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি তাদের ছোট তিনটি ব্যাগ দেন। শিশুরা সরল মনে ওই ব্যাগগুলো নিয়ে মাহফুজুর রহমানের সঙ্গে রওনা হয়। শিশুদের নিয়ে মাহফুজুর ঢাকার বাসে উঠতে একইর বাজারে পৌঁছান। এ সময় এলাকাবাসী তাদেরকে আটক করে। তবে মাহফুজুর রহমান পালিয়ে যান। দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের এমাজ উদ্দিন (৪৫) ও জাম্মদ আলীসহ (৫২) অনেকের অভিযোগ, মাহফুজুর একজন চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী। তাঁর ফাঁদে পড়েই শিশুদের এ দুরবস্থা। তাঁরা মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে ওই তিন শিশুকে মুক্তি দেওয়ার দাবি জানান। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আতাউর রহমান বলেন, ‘মাহফুজুর অমানবিক কাজ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এ ব্যাপারে অভিযুক্ত মাহফুজুর রহমানের দাবি, শিশুরা টাকার জন্য স্বেচ্ছায় তাঁর সঙ্গে গেছে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, তিনি এ ব্যাপারে তদন্ত করবেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাহফুজুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেনি।