৭৫ হাজার ইসরায়েলি সেনা প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার ভোররাতে গাজায় বিমান হামলার পর এবার ৭৫ হাজার সেনা প্রস্তুত করেছে ইসরায়েল। গাজায় এই অভিযানের ব্যাপারে অনুমোদনও দিয়েছে দেশটির মন্ত্রিসভা। গাজা থেকে হামাসের ইসলামি যোদ্ধারা ইসরায়েলের তেলআবিব ও জেরুজালেমের দিকে রকেট হামলা অব্যাহত রেখেছে। একই সঙ্গে চলছে ইসরায়েলের বিমান হামলা। আজ রয়টার্স ও বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।গতকাল শুক্রবার কয়েক দশকের মধ্যে এই প্রথম জেরুজালেমে হামাসের যোদ্ধারা রকেট হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা জোরদার হয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত গাজায় ৩০ জন ও ইসরায়েলে তিনজন নিহত হয়েছে।ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এ বিষয়ে গতকাল শুক্রবার বিকেলে চার ঘণ্টা বৈঠক করেন। এতে অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত অনুমোদিত হয় মন্ত্রিসভায়। এর মধ্য দিয়ে কার্যত গাজার ফিলিস্তিনি অংশের স্থলভাগে অভিযান পরিচালনার দিকে এগিয়ে গেল ইসরায়েল। গতকাল গাজা সীমান্তে বেশ কিছু ট্যাংক ও স্বয়ংক্রিয় অস্ত্র মোতায়েন করেছে ইসরায়েল। এরই মধ্যে ১৬ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তেলআবিবে শুক্রবার দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে হামাস। এ দুটি হামলারই দায় স্বীকার করেছে সংগঠনটি। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলও শুক্রবার দিনভর গাজায় বোমা হামলা চালিয়েছে। গাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের কিছু অংশ ও হামাসের সদর দপ্তর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার গাজায় তিন ঘণ্টার সফর করেছেন মিসরের প্রধানমন্ত্রী হিশাম কানদিল। এ সময় তিনি গাজায় ইসরায়েলি বোমা হামলার তীব্র নিন্দা জানান। মিসরের পক্ষ থেকে যুদ্ধবিরতির জোরালো চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।