৭৬ ঘর পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শাষকান্দর শরত্পাড়া গ্রামে আজ শনিবার সকালে ৭৬টি ঘর আগুনে পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকালে গ্রামের পুরুষেরা নিজ নিজ কাজে বাইরে যান। সকাল সাড়ে নয়টার দিকে গ্রামের নজীর মুন্সি (৭২) নামের এক ব্যক্তির বাড়ির রান্নাঘরে আগুন লাগে। শিগগিরই সে আগুন ছড়িয়ে পড়ে। সৈয়দপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ওয়াজেদ হোসেন জানান, আগুনে গ্রামের ৭৬টি ঘর পুড়েছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর এহসানুলের স্ত্রী ইয়াসমিন জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউ কোনো সম্পদ রক্ষা করতে পারেননি। তিনি বলেন, ‘চোখের সামনে দেখলাম, নিমেষে সব পুড়ে ছাই হয়ে গেল। আমরা কিছুই রক্ষা করতে পারলাম না।’ গ্রামের রেহানা, হামিদা ও রহিমা বেগম জানান, তাঁরা কোনো কিছুই রক্ষা করতে পারেননি। পরনের কাপড় ছাড়া আর কিছু বাকি নেই, সব পুড়ে ছাই হয়েছে। এই বলে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলাম জানান, শিগগির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন করা হবে। অগ্নিকাণ্ডের পর খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাবারের ব্যবস্থা করা হয়েছে।