৭৬ শতাংশ মামলা টেকেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানায় দায়ের হওয়া ৭৬ শতাংশ মামলা প্রমাণ করা যায়নি। ফলে এসব মামলার আসামিরা বেকসুর খালাস পেয়ে গেছে। এটি গত বছর নিষ্পত্তি হওয়া মামলার হিসাব। গত বুধবার রাতে পুলিশের অপরাধবিষয়ক বার্ষিক সম্মেলনে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়।আসামির সাজার হার বাড়াতে আরও কীভাবে জোরালো সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা যায়, তা নিয়ে সম্মেলনে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা। মেয়েদের উত্ত্যক্ত করা ও পুলিশের ওপর হামলার ঘটনা বেড়ে যাওয়ায় সম্মেলনে উদ্বেগ প্রকাশ করা হয়।পুলিশ সপ্তাহের নিয়মিত কর্মসূচি হিসেবে বুধবার রাতে পুলিশ সদর দপ্তর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অপরাধের প্রধান উৎস হিসেবে মাদকদ্রব্যকে চিহ্নিত করে তা নির্মূলে ব্যাপক অভিযান চালানোর ব্যাপারে জোর দেওয়া হয়।জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, দেশে নথিভুক্ত অপরাধের একটি বড় অংশ মাদকের মামলা। সব অপরাধের পেছনেই মাদক থাকছে। এ কারণে মাদকবিরোধী অভিযানের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসামিদের সাজার হার বৃদ্ধির ব্যাপারে সবাইকে নজর দিতে বলা হয়েছে।সম্মেলন সূত্র জানায়, দেশের অপরাধ পরিস্থিতি নিয়ে পুলিশ কর্মকর্তারা খোলামেলা আলোচনা করেন। আইজিপির সভাপতিত্বে সম্মেলনে পুলিশের সব অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি), পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), ছয় মহানগরের কমিশনার, গোয়েন্দা পুলিশসহ সব মহানগরের উপকমিশনার, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কমান্ডেন্ট, ৬৪ জেলার পুলিশ সুপার এবং সিআইডি ও এসবির পুলিশ সুপার পদমর্যাদার সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। সম্মেলনে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান গত চার বছরের তুলনামূলক অপরাধ পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন।তদন্ত ও সাজা: অপরাধ সম্মেলনে মামলার তদন্তের চিত্র তুলে ধরে বলা হয়, ২০১০ সালে দেশে ২৪ দশমিক ১ শতাংশ মামলায় আসামির সাজা হয়েছে। তবে সিআইডির তদন্ত করছে এমন মামলায় সাজার হার ৩৭ দশমিক ৩০ শতাংশ।প্রতিবেদনে ২০০৯ সালের হিসাবে বলা হয়, সারা দেশে বিভিন্ন মামলায় মাত্র ২৩ শতাংশ অপরাধীর সাজা হয়েছে। ৭৭ শতাংশ আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগ প্রমাণ করতে পারেনি। থানায় দায়ের হওয়া মামলার মধ্যে পুলিশ তদন্ত করে ৬৬ শতাংশের অভিযোগপত্র দিয়েছে। অপরাধ সম্মেলনে মামলা তদন্ত ও তদারকির ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য এসপিদের পরামর্শ দেওয়া হয়।মাদকদ্রব্যের অপরাধ: অপরাধ সম্মেলনে বলা হয়, ২০১০-এর নভেম্বর পর্যন্ত ১১ মাসে ২৬ হাজার মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ হয়েছে। আগের বছর এই সংখ্যা ছিল ২৪ হাজার। গত বছর চার লাখ ৮২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। হেরোইন আটক করা হয় ১৩৪ কেজি। গাঁজা উদ্ধার করা হয় ১৮ টন, আফিম নয় কেজি, কোকেন দুই কেজি ও মদ প্রায় তিন লাখ বোতল।খোলামেলা আলোচনা: সম্মেলনে উপস্থিত পুলিশের কর্মকর্তারা জানান, এসপিরা বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। বরগুনার এসপি মাহবুব হাকিম বলেন, আদালতের সঙ্গে পুলিশের সম্পর্ক ভালো নয়। এতে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এর উন্নয়ন দরকার। সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ বলেন, অভিযোগপত্র দেওয়ার পর দেখা যায়, আসামির স্থায়ী ঠিকানা ঠিক নেই। তদন্ত ঠিকমতো হচ্ছে না। এতে জটিলতা দেখা দিচ্ছে। অনেক স্থানে নদীভাঙনের কারণে গ্রাম হারিয়ে ঠিকানা বদল হয়ে যাচ্ছে। টাঙ্গাইলের এসপি মিজানুর রহমান বলেন, আর্মড পুলিশের নায়েক ও হেড কনস্টেবলের সংখ্যা কমে যাচ্ছে। কেউ আর্মড পুলিশে থাকতে চাইছে না। তিনি ভূমি জরিপবিষয়ক প্রশিক্ষণে সব পুলিশ সদস্যের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার পরামর্শ দেন। ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া বলেন, বাহিনীর সদস্যদের বিভাগীয় পরীক্ষা নিয়ে জটিলতা দূর করতে হবে। তিনি বলেন, তাঁর রেঞ্জে প্রয়োজনের তুলনায় পরিদর্শকের সংখ্যা বেশি। অনেক পরিদর্শক বসে বসে দিন কাটাচ্ছেন। বছরের আলোচিত অপরাধ: ২০১০ সালে দেশে প্রতি মাসে গড়ে ৩২৫টি খুন হয়েছে। এ ছাড়া প্রতি মাসে ৬০টি করে ডাকাতি, ৮২টি দস্যুতা, এক হাজার ২০০ নারী নির্যাতনসহ ১৩ হাজার অপরাধের মামলা থানায় নথিভুক্ত করা হয়েছে। গত বছরের ১১ মাসে দেশের বিভিন্ন থানায় দেড় লাখ অপরাধ নথিভুক্ত হয়েছে। আগের বছর ১২ মাসে এ সংখ্যা ছিল এক লাখ ৫৭ হাজারের মতো।সম্মেলনে বলা হয়, দেশে পুলিশ আক্রান্তের ঘটনা বাড়ছে। গত বছর ৪৬৭টি এ ধরনের ঘটনা ঘটেছে। জঙ্গি ও সন্ত্রাসবাদের তথ্য উল্লেখ করে বলা হয়, জঙ্গির ঘটনায় মোট ৩৯৪টি মামলা সিআইডি তদন্ত করে। এর মধ্যে ৩৩১টি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে আসামির সংখ্যা এক হাজার ৬২। সাজা হয়েছে ৪২৪ জনের। মৃত্যুদণ্ড হয়েছে ৫৪ জনের, যাবজ্জীবন ১৫২ ও অন্যান্য সাজা হয়েছে ২১৮ জনের। জঙ্গি মামলায় ৩২ জন খালাস পেয়েছে।সম্মেলনে বলা হয়, গত বছর উত্ত্যক্ত করার ঘটনা ছিল সবচেয়ে বেশি। ৪৪৪টি উত্ত্যক্তকরণ মামলা হয়েছে এক বছরে। এর মধ্যে ৩৪২টির অভিযোগপত্র দিয়েছে পুলিশ, তদন্ত চলছে ৭৪টির। খুলনা মহানগরে উত্ত্যক্ত করার মামলা বেশি। অজ্ঞান পার্টির বিরুদ্ধে মামলা হয়েছে ১৬৮টি। এতে আসামির সংখ্যা ২৯৭।পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা জানান, গত বছর ই-মেইলে ৪১ হাজার বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে। এর মধ্যে ৪০ হাজারের বেশি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। এসব অভিযোগের বেশির ভাগই সাইবার অপরাধ-সংক্রান্ত।