৭৭ শতাংশ আসামিই খালাস পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতিদিন গড়ে ১১টি খুন, আটটি ধর্ষণ এবং ৩৮টি করে নারী ও শিশু নির্যাতনের মামলা থানায় নথিভুক্ত হচ্ছে। অভিযোগ প্রমাণ করতে না পারায় এসব মামলার ৭৭ শতাংশ আসামিই খালাস পেয়ে যাচ্ছে। গত বুধবার রাতে অনুষ্ঠিত পুলিশের বার্ষিক অপরাধবিষয়ক সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মামলার বিচার বিষয়ে উদ্বেগজনক এ চিত্র তুলে ধরা হয়।পুলিশ সপ্তাহের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের অপরাধ পরিস্থিতি নিয়ে পুলিশের কর্মকর্তারা খোলামেলা আলোচনা করেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে সব অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি), উপমহাপরিদর্শক (ডিআইজি), ছয়টি মহানগরের কমিশনার, গোয়েন্দা পুলিশসহ সব মহানগরের উপকমিশনার, ৬৪টি জেলার পুলিশ সুপারসহ সিআইডি ও এসবির পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্মেলনে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক শাহ জামাল রাজ গত পাঁচ বছরের তুলনামূলক অপরাধ পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। সিআইডির প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে দেশে এক লাখ ৫৬ হাজার ৯৬৪টি মামলা হয়েছে। এই হিসাবে প্রতিদিন গড়ে ৪৩০টি করে মামলা হয়েছে। তবে এ সংখ্যা ২০০৮-এর তুলনায় সামান্য কম হলেও ২০০৬ এবং এর আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। ২০০৭ ও ২০০৮ সালে অপরাধের হার প্রায় একই রকম ছিল। ২০০৬ সালে দেশে এক লাখ ৩০ হাজার অপরাধ নথিভুক্ত করা হয়। এরপর ২০০৭ সালে হঠাত্ করে পুলিশের নথিভুক্ত অপরাধের সংখ্যা বেড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।সম্পত্তি-সংক্রান্ত অপরাধ: সম্মেলনে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দেশে সম্পত্তি-সংক্রান্ত মামলার হার সবচেয়ে বেশি। সম্পত্তি-সংক্রান্ত মামলা বলতে ছিনতাই, ডাকাতি, দস্যুতা, সাধারণ চুরি ও সিঁদেল চুরি বোঝানো হয়। ২০০৯ সালে এসব অপরাধে ১৪ হাজার ৬৬৬টি মামলা হয়েছে। মোট অপরাধের প্রায় ১০ শতাংশই সম্পত্তি-সংক্রান্ত। চট্টগ্রাম, খুলনা, ঝিনাইদহ, বগুড়া ও যশোর জেলায় ডাকাতির মামলা বেড়েছে। চট্টগ্রামে ডাকাতি মামলা বৃদ্ধির কারণ প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্মেলনে জানান, জেলায় পুলিশ যেসব ডাকাতকে গ্রেপ্তার করেছিল, তারা সবাই জামিনে ছাড়া পেয়ে যায়। তিনি ৪৫ দিনের একটি চিত্র তুলে ধরে বলেন, চট্টগ্রাম থেকে ৪৫ দিনে ডাকাতি মামলার ১৬৩ জন আসামি জামিন পায়। কিশোরগঞ্জের পুলিশ সুপার বলেন, আদালতের নির্দেশে ডাকাতি নয় এমন অনেক মামলা ডাকাতি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এতে নাটোর জেলার পুলিশ সুপার জানান, জনসংযোগ বাড়ানোর কারণে নাটোরে ডাকাতির ঘটনা কমেছে।খুন: মানবদেহ-সংক্রান্ত অপরাধের মধ্যে রয়েছে খুন, দাঙ্গা ও দাঙ্গায় খুন। গত বছরের দেশে চার হাজার ১৬৮টি খুন ও ১১২টি দাঙ্গা হয়েছে। সবচেয়ে বেশি খুন হয়েছে কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও ময়মনসিংহ জেলায়। খুনের মামলা বেড়ে যাওয়া প্রসঙ্গে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের অভিমত সম্মেলনে তুলে ধরা হয়। তিনি জানান, চরমপন্থী তত্পরতা বৃদ্ধি, আধিপত্যের বিস্তার ও অন্তর্দ্বন্দ্বের কারণে এ জেলায় খুন বাড়ছে। কুমিল্লা জেলার পুলিশ সুপার জানান, আদালতের নির্দেশে ১০টি অপমৃত্যু মামলা খুনের মামলা হিসেবে নেওয়া হয়েছে। এ ছাড়া কুমিল্লায় ২০টি খুনের মামলা হয়েছে অজ্ঞাত হিসেবে। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে নয়টি খুনের মামলাও এর মধ্যে রয়েছে। সবচেয়ে কম খুন হয়েছে এমন জেলা নীলফামারীর পুলিশ সুপার সম্মেলনে জানান, নারী নির্যাতনসংক্রান্ত তিনটি মামলার আসামির মৃত্যুদণ্ড হওয়ার পর জেলায় খুনের অপরাধ কমে যায়।জঙ্গি মামলা: অপরাধ সম্মেলনে বলা হয়, ১৯৯৯ সাল থেকে দেশে এ পর্যন্ত ৩৬৭টি জঙ্গিসংক্রান্ত মামলা হয়েছে। এর মধ্যে ২০০৫ সালে ২০৫টি এবং ২০০৮ সালে ১৫টি মামলা হয়েছে। ২০০৯ সালে ৫১টি মামলা হলেও বেশির ভাগ মামলা উদ্ধারজনিত। জঙ্গি মামলার মধ্যে ২২টি মামলার তদন্তের সার্বিক চিত্র সম্মেলনে তুলে ধরে বলা হয়, যশোরের উদীচীর সমাবেশে বোমা হামলা, পল্টন মাঠে সিপিবির সমাবেশে বোমা হামলা, খুলনায় আহমদিয়া মসজিদে বোমা হামলা, বানিয়াচরের গির্জা, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়, ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে বোমা হামলা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সমাবেশে গ্রেনেড হামলার মামলার অধিকতর তদন্ত শুরু হয়েছে। বোমা হামলা মামলার মধ্যে ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলা মামলার একটি অংশের রায় হয়েছে। বাকি সব মামলাই বিচারাধীন।নারী নির্যাতন: অপরাধ সম্মেলনে বলা হয়, ২০০৯ সালে দেশে ১৩ হাজার ৯৮৮টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। মোট মামলার ৯ শতাংশই নারী ও শিশু নির্যাতনের অভিযোগে। এর মধ্যে দুই হাজার ৯৭২টি ধর্ষণ, ৯৪টি এসিড নিক্ষেপ ও এক হাজার ৮৯টি শিশু নির্যাতনের ঘটনা। এতে এসিড মামলার পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, এসিড নিক্ষেপের মামলার মধ্যে গত পাঁচ বছরে দায়ের করা এক হাজার ৮৮৫টি মামলা বিচারাধীন। এই সময়ে ১২৬টি মামলার আসামির সাজা হয়েছে আর ৩৪৭টির আসামি খালাস পেয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, এসিড নিক্ষেপের মামলার ৭৪ শতাংশ আসামিই খালাস পেয়ে যাচ্ছেন। অপহরণ: মারাত্মক অপরাধের মধ্যে ২০০৯ সালে ৮০৩টি অপহরণের মামলা হয়েছে। এর মধ্যে মুক্তিপণের জন্য অপরাধ হয়েছে ৪৪টি, পাচারের জন্য অপহরণের ঘটনা ১৬টি। অপহরণের মামলা আগের যেকোনো বছরের তুলনায় বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। এতে দেখা গেছে, ২০০৮ সালে ৮১৭, ২০০৭ সালে ৭৭৪ ও ২০০৬ সালে ৭২২টি অপহরণের মামলা রেকর্ড করা হয়।তদন্ত ও সাজা: অপরাধ সম্মেলনে মামলার তদন্তের চিত্র তুলে ধরে বলা হয়, ২০০৯ সালে সারা দেশে বিভিন্ন মামলায় ২৩ শতাংশ অপরাধীর সাজা হয়েছে। এতে দেখা গেছে, ৭৭ শতাংশ আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগ প্রমাণ করতে পারেনি। এ সময় পুলিশ তদন্ত করে মোট মামলার ৬৬ শতাংশ মামলায় অভিযোগপত্র দিয়েছে। এতে বলা হয়, সিআইডির তদন্ত করা মামলার মধ্যে ৭৪ শতাংশ মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে ৩৭ শতাংশ মামলার আসামির সাজা হয়েছে। সম্মেলনে মামলা তদন্ত ও তদারকির ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য পুলিশ সুপারদের পরামর্শ দেওয়া হয়। অপরাধ সম্মেলন প্রসঙ্গে জানতে চাইলে আইজিপি নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ২০০৬ সালের তুলনায় পরের বছরগুলোর অপরাধ বাড়ার কারণ হলো, আগে পুলিশ মামলা নিত না। এখন মামলা নিতে বাধা নেই। যে কেউ থানায় অভিযোগ করে মামলা করতে পারেন। মামলার সংখ্যা বেশি হওয়া মানেই অপরাধ বৃদ্ধি নয়।ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক ঢাকা মহানগরের অপরাধ প্রসঙ্গে একই মন্তব্য করে বলেন, পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো রয়েছে।