৭৭৭৯ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে আজ সোমবার ২০১০-১১ অর্থবছরের সাত হাজার ৭৭৯ কোটি টাকার সম্পূরক বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি এ সময় সংসদে অনুপস্থিত ছিলেন।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সম্পূরক বাজেটের ওপর দুই দিনের আলোচনা শেষে অর্থমন্ত্রী সংশোধিত বাজেট পাসের প্রস্তাব করেন। এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তাঁদের সম্পূরক বাজেটের প্রস্তাবসংবলিত মঞ্জুরি দাবিনামা সংসদে উপস্থাপন করেন। একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম সাতটি মঞ্জুরি দাবির ওপর আপত্তি আনেন। আপত্তিগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যাওয়ার পর সম্পূরক বাজেট সংসদে পাস হয়।সম্পূরক বাজেটে ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ সাত হাজার ৭৭৯ কোটি টাকা বৃদ্ধি হওয়ায় সম্পূরক বাজেটে এসব অর্থ বরাদ্দের প্রস্তাব উত্থাপিত হয়। আর ২৬টি মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দ করা অর্থ খরচ করতে না পারায় নয় হাজার ৯৩৮ কোটি টাকা ফেরত দিয়েছে। ফলে ২০১০-১১ অর্থবছরে সার্বিকভাবে ব্যয় হ্রাস পেয়েছে দুই হাজার ১৫৯ কোটি টাকা। গত অর্থবছরের বাজেটে মোট বরাদ্দ দেওয়া হয়েছিল এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা। সম্পূরক বাজেট পাসের পর সংশোধিত বাজেটে মোট বরাদ্দ দেওয়া হলো এক লাখ ৩০ হাজার ১১ কোটি টাকা।সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সাংসদেরা ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ করা অর্থ খরচে ব্যর্থতার তীব্র সমালোচনা করেন। মহাজোটভুক্ত রাজনৈতিক দলগুলোর ১০ জন সাংসদ আলোচনায় অংশ নেন।আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের ইদ্রিস আলী বলেন, বছরের শেষ তিন মাসে তাড়াহুড়ো করে এডিপি বাস্তবায়ন করা হয়। এতে অপচয় বাড়ে। এডিপি বাস্তবায়ন করতে হলে অর্থবছরের প্রথম ছয় মাসের মধ্যে বরাদ্দ ও ব্যয় বাড়াতে হবে।ঘোষিত বাজেটকে গতানুগতিক উল্লেখ করে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, বাজেটে বাণিজ্যঘাটতি, তারল্যসংকট ও প্রশাসনিক অদক্ষতা সম্পর্কে কোনো দিকনির্দেশনা নেই। বাজেটে রপ্তানি বাণিজ্যকে নিরুত্সাহিত করা হয়েছে। তিনি বলেন, দলীয় দৌরাত্ম্য ও টেন্ডারবাজির কারণে এডিপি বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে।জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুনের কাজের অর্থবরাদ্দ মার্চে দেওয়া হলে এডিপি বাস্তবায়নে অপচয় কমবে।এডিপি বাস্তবায়নের ব্যর্থতার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। তিনি বলেন, কুইক রেন্টাল বিদ্যুত্ প্রকল্প স্থায়ী কোনো সমাধান নয়। কারণ এ জন্য সরকার যে ভর্তুকি দিচ্ছে, তার আর্থিক দায় জনগণের ওপর চাপানো হবে। বহুজাতিক কোম্পানির কাছে গ্যাসক্ষেত্র ইজারা দেওয়ার উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, ‘নিজের বুঝ পাগলে বুঝে, আমরা বুঝি না। আমাদের গ্যাস কনকো ফিলিপসকে দেওয়া হবে। তারপর বেশি দামে সেই গ্যাস তাদের কাছ থেকে কিনতে হবে।’ মেনন কনকো ফিলিপসের সঙ্গে চুক্তি না করার অনুরোধ জানান।