৭৭৭৯ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
জাতীয় সংসদে গতকাল সোমবার ২০১০-১১ অর্থবছরের সাত হাজার ৭৭৯ কোটি টাকার সম্পূরক বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি এ সময় সংসদে উপস্থিত ছিল না। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সম্পূরক বাজেটের ওপর দুই দিনের আলোচনা শেষে অর্থমন্ত্রী সংশোধিত বাজেট পাসের প্রস্তাব করেন। এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তাঁদের সম্পূরক বাজেটের প্রস্তাবসংবলিত মঞ্জুরি দাবিনামা সংসদে উপস্থাপন করেন। একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম সাতটি মঞ্জুরি দাবির ওপর আপত্তি আনেন। আপত্তিগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যাওয়ার পর সম্পূরক বাজেট সংসদে পাস হয়।৩১টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ সাত হাজার ৭৭৯ কোটি টাকা বৃদ্ধি হওয়ায় সম্পূরক বাজেটে এসব অর্থ বরাদ্দের প্রস্তাব উত্থাপিত হয়। অন্যদিকে, ২৬টি মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দ করা অর্থ খরচ করতে না পারায় নয় হাজার ৯৩৮ কোটি টাকা ফেরত দিয়েছে। ফলে ২০১০-১১ অর্থবছরে সার্বিকভাবে ব্যয় হ্রাস পেয়েছে দুই হাজার ১৫৯ কোটি টাকা। গত অর্থবছরের বাজেটে মোট বরাদ্দ দেওয়া হয়েছিল এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা। সম্পূরক বাজেট পাসের পর সংশোধিত বাজেটে মোট বরাদ্দ থাকল এক লাখ ৩০ হাজার ১১ কোটি টাকা। সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সাংসদেরা অর্থ খরচে ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন। মহাজোটভুক্ত রাজনৈতিক দলগুলোর ১০ জন সাংসদ আলোচনায় অংশ নেন।সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সমাপনী বক্তব্যে বলেন, গত দুটি বাজেটে যতটা চেয়েছি, ততটা পারিনি। তবে অর্থনৈতিক ভিতটা মজবুত হয়েছে। আশা করি, আগামী অর্থবছরে যে বাজেট ধরা হলো, সেখান থেকে কমতি হবে না। প্রশাসনকে যদি উদ্বুদ্ধ করতে পারি, তাহলে এ বাজেট বাস্তবায়নে কোনো সমস্যা হবে না। তিনি বলেন, এবারের বাজেটে ঘাটতি থাকলেও তা মেটানো আগের চেয়ে সহজ হয়েছে। সর্বশক্তি নিয়োগ করে এবারের বাজেটের ঘাটতি মোকাবিলা করে বাস্তবায়ন করা হবে। অর্থমন্ত্রী বলেন, ২০১০-১১ অর্থবছরে উন্নয়ন ব্যয় হ্রাস পেয়েছে, রাজস্ব ব্যয় বৃদ্ধি পেয়েছে, এটা অনেকেরই পছন্দ হয়নি। তবে রাজস্ব ব্যয় বাড়তেই থাকবে। উন্নয়ন ব্যয় বাড়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এতগুলো বছরে আমাদের অনেক সম্পদ তৈরি হয়েছে। এগুলো রক্ষণাবেক্ষণ করতে অনুন্নয়ন ব্যয় বাড়বে, এটাই স্বাভাবিক। আর এটা অবশ্যই ভালো। এ এম এ মুহিত বলেন, ঘাটতি মোকাবিলায় সস্তায় অর্থ পাচ্ছি, ব্যবহার করতে পারছি না। চলতি অর্থবছরে ধারণার চেয়ে বেশি অঙ্গীকার পেয়েছি। ১ শতাংশেরও কম সুদে পাওয়া এসব টাকা ৩০ থেকে ৫০ বছরে পরিশোধ করা সম্ভব। চুক্তি হয়ে গেছে কিন্তু ব্যবহার করতে পারিনি, এমন অর্থের পরিমাণ ১২ বিলিয়ন ডলার।এর আগে বিরোধী দলকে উদ্দেশ করে অর্থমন্ত্রী বলেন, ‘উদ্দেশ্যহীন, অর্থহীন ও জনকষ্টকর, অর্থনীতিবিধ্বংসী রাস্তা অনুসরণ করা উচিত নয়। ওই কর্মসূচি প্রত্যাহার করে সংসদে আসুন।’ অধিবেশনকক্ষে বিরোধী দলের শূন্য আসনগুলো দেখিয়ে তিনি বলেন, ওই চেয়ারগুলো শূন্য না থাকলে সংসদের এই আলোচনা আরও প্রাণবন্ত হতো। এর আগে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের ইদ্রিস আলী বলেন, বছরের শেষ তিন মাসে তাড়াহুড়ো করে এডিপি বাস্তবায়ন করা হয়। এতে অপচয় বাড়ে। এডিপি বাস্তবায়ন করতে হলে অর্থবছরের প্রথম ছয় মাসের মধ্যে বরাদ্দ ও ব্যয় বাড়াতে হবে। ঘোষিত বাজেটকে গতানুগতিক উল্লেখ করে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, বাজেটে বাণিজ্য ঘাটতি, তারল্য সংকট ও প্রশাসনিক অদক্ষতা সম্পর্কে কোনো দিকনির্দেশনা নেই। রপ্তানি বাণিজ্যকে নিরুৎসাহিত করা হয়েছে। দলীয় দৌরাত্ম্য ও টেন্ডারবাজির কারণে এডিপি বাস্তবায়নেও সরকার ব্যর্থ হয়েছে। জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুনের কাজের অর্থবরাদ্দ মার্চে দেওয়া হলে এডিপি বাস্তবায়নে অপচয় কমবে। এডিপি বাস্তবায়নের ব্যর্থতার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প স্থায়ী কোনো সমাধান নয়। এ জন্য দেওয়া ভর্তুকির আর্থিক দায় জনগণের ওপর চাপানো হবে। বহুজাতিক কোম্পানির কাছে গ্যাসক্ষেত্র ইজারা দেওয়ার উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, ‘নিজের বুঝ পাগলে বুঝে, আমরা বুঝি না। আমাদের গ্যাস কনকো ফিলিপসকে দেওয়া হবে। তারপর বেশি দামে সেই গ্যাস তাদের কাছ থেকে কিনতে হবে।’ মেনন কনকো ফিলিপসের সঙ্গে চুক্তি না করার অনুরোধ জানান।