চট্টগ্রাম টেস্ট : ‘সাধারণ মানের’ বাংলাদেশের সামনেই ভারতের ২১৩/৮!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহদাত হোসেন ও অধিনায়ক সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে আইডিয়া কাপ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে ভারত এখন মান বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত।এর আগে টসে জিতে কুয়াশাচ্ছন্ন সকালে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। কিন্তু শুরুটা বেশ ভালোই ছিল ভারতের। বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলাই শুরু করেছিলেন। উদ্বোধনী জুটি ভারতীয় দলকে নিয়ে যায় ৭৯ রানে। মধ্যাহ্ন বিরতির পরপরই সাকিবের বলে তামিম ইকবালের হাতে সহজ ক্যাচ দেন শেবাগ। এরপর গৌতম গম্ভীর দলীয় ৭৯ রানে শাহদাতের বলে উইকেট রক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন।রাহুল দ্রাবিড়কে শাহদাত আউট করেন এক দুরন্ত ইয়র্কারে। সেই আউটটি যে বাংলাদেশের সমর্থকদের জন্য সবচেয়ে ‘দৃষ্টিসুখসম্পন্ন’ ছিল, তা বলাই যায়। রাহুল দ্রাবিড়ের আউটের পর ভিভিএস লক্ষণ সাকিবের বলে মুশফিকুর রহিমের বুদ্ধিদীপ্ত স্ট্যাম্পিংয়ের শিকার হলে ভারত পরিণত হয় ১০৪/৪ এ।বীরেন্দর শেবাগের ‘সাধারণ মানের বাংলাদেশ’ই এ সময় অসাধারণ হয়ে যায় ভারতীয় ব্যাটসম্যানদের কাছে। একে একে বিদায় নেন যুবরাজ সিং, দীনেশ কার্তিক। উইকেটের এক প্রান্তে ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে ব্যাট করে যাচ্ছিলেন ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকার। তাঁর ১৪০ বলে ৭৬ রানের ইনিংসই মূলত বাংলাদেশের বিপক্ষে আজ চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ভারতের মান বাঁচায়। বীরেন্দর শেবাগের গতকালের মন্তব্যের কারণেই কিনা বাংলাদেশের বোলাররা আজ নিজেদের শতভাগ মেলে ধরতে ছিলেন প্রত্যয়ী। অভিষেক হওয়া শফিউল ইসলাম কোনো উইকেট না পেলেও কয়েকটি আউট সুইংয়ে কাঁপিয়ে দিয়েছিলেন ভারতের বিশ্ব সেরা ব্যাটসম্যানদের। শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখে ভারতের অন্য ব্যাটসম্যানরা লজ্জা পেতেই পারেন। তিনি দেখিয়ে দিয়েছেন দলের বিপদের মধ্যে অসাধারণ ব্যাটসম্যানরাই সত্যিকারের ‘অসাধারণ’ হয়ে ওঠেন। শুধু সংবাদ সম্মেলনে আর মাইক্রোফোনের সামনে কোনো দলকে সাধারণ মানের বললেই ‘অসাধারণ’ হওয়া যায় না।দিন শেষে ভারত ৮ উইকেটে সংগ্রহ করেছে ২১৩ রান। সাকিব আল হাসান ৫২ রানে ৪টি এবং শাহদাত হোসেন ৫১ রানে ৪টি উইকেট দখল করে নিয়েছেন। ভারতের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ শচীন টেন্ডুলকারের। তিনি করেছেন ৭৬ রান।