সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি আগামী ৮ আগস্ট পর্যন্ত সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে। সংবিধানের পঞ্চম সংশোধনী বিষয়ে আদালতের রায় ছাড়াও কমিটি সংবিধানের একটি সার্বিক সংশোধনী তালিকা তৈরি করবে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বেলা ১১টার দিকে সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে বৈঠক শুরু হয় এবং শেষ হয় বেলা সোয়া একটার দিকে। কমিটির চেয়ারপারসন ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন । আজকের বৈঠকে আইন কমিশন, আইন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পঞ্চম সংশোধনী মামলার রায়ে সংবিধানে কোন জায়গায় কী কী পরিবর্তন করা হয়েছে, সে সম্পর্কে এ কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে।বৈঠকে সুরঞ্জিত সেনগুপ্তকে কমিটির মুখপাত্র নিয়োগ করা হয়েছে। বিশেষ কমিটি ১৯৭২-এর সংবিধানকে ধারণ করেই সংবিধানের সংশোধনী আনবে। শুধু আদালতের রায়ই নয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে পুরো সংবিধানের ধারাগুলো পর্যালোচনা করা হবে। বৈঠক শেষে কমিটির মুখপাত্র সংবাদ ব্রিফিংয়ে জানান, আগামী ৮ আগস্ট পরবর্তী সভায় কমিটির কার্যতালিকা নির্ধারণের ব্যাপারে টার্মস অব রেফারেন্স নির্ধারণ করা হবে।১৫ সদস্যের কমিটির দুই সদস্য আবদুর রাজ্জাক ও শেখ ফজলুল করিম সেলিম আজকের বৈঠকে যোগ দেননি। একই সঙ্গে আইনমন্ত্রী শফিক আহমেদকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যোগ দেননি।কমিটির অন্য সদস্যরা হলেন কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের তোফায়েল আহমদ, আমির হোসেন আমু, সৈয়দ আশরাফুল ইসলাম, আবদুল মতিন খসরু, রহমত আলী, শিরিন শারমীন চৌধুরী, ফজলে রাব্বী মিয়া, হাছান মাহমুদ, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং জাসদের হাসানুল হক ইনু।