৮ কর্মীকে বহিষ্কার করল ছাত্রলীগ
ছাত্রলীগ আটজন কর্মীকে বহিষ্কার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বই মেলার স্টল নির্মাণকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১১ জন আহত হয়। এই ঘটনার জের ধরে আজ শুক্রবার ছাত্রলীগ থেকে আটজন কর্মীকে বহিষ্কার করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ রাসেল ও আন্তর্জাতিক সম্পাদক শহীদুল ইসলামকে শোকজ করা হয়েছে। এছাড়া আরও যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের রাশেদ, ধ্রুব, মোহাম্মদ,মামুন এবং অমর একুশে হলের রাকিব, রকি, রাশেদ ও শহীদ। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ জানান,দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে মেলার বাইরে স্টল নির্মাণকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১১ জন আহত হয়। ছাত্রলীগের সাবেক দুই নেতা খায়রুল হাসান জুয়েল ও শেখ সোহেল রানা মিঠুর নেতৃত্বাধীন দল এবং মশিউর রহমান ও রাসেলের নেতৃত্বাধীন দলের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত চারজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি রিয়াজউদ্দিন সুমন মিঠু ও তার ভাই জুয়েল রানা ছিলেন। ইউএনবি