৮ কি.মি.র জন্য ঘুরতে হয় ৯০ কি.মি.

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিদিন রীতিমতো যুদ্ধ করে এই রুটে বাসে যাত্রীদের নিয়ে চলাচল করি। রাস্তার অবস্থা এতই খারাপ যে, একটু পরপরই ব্রেক কষতে হয়। আবার সপ্তাহে দু-একবার বাসের স্প্রিং, নাট-বল্টু পাল্টাতে গ্যারেজে নিতে হয়। এতে হাড়ভাঙা কামাইয়ের টাকা গ্যারেজেই যায়।’ ক্ষোভে-দুঃখে কথাগুলো বললেন, নাঈম এন্টারপ্রাইজ মিনিবাসের চালক আয়ুব আলী। তাঁর বাসটি বগুড়া থেকে দুপচাঁচিয়া হয়ে এই সড়কপথে শিবপুর বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচল করে। এই রুট দুপচাঁচিয়া-ক্ষেতলাল সড়ক নামে পরিচিত।সড়কটি দুপচাঁচিয়া মেইন বাসস্ট্যান্ড থেকে ক্ষেতলাল উপজেলা সদর হয়ে জয়পুরহাট জেলা সদরে গিয়েছে। দুপচাঁচিয়া, কাহালু-নন্দীগ্রাম উপজেলা থেকে খুব কম সময়ে সড়ক দিয়ে জয়পুরহাট জেলা হয়ে হিলি স্থলবন্দর ও দিনাজপুর জেলা শহরে যাতায়াত করা যায়। দুপচাঁচিয়া মেইন বাসস্ট্যান্ড থেকে মাত্র ৩৫ কিলোমিটারের পথ জয়পুরহাট জেলা সদর। কিন্তু দীর্ঘদিন সড়কটি সংস্কার না হওয়ায় ভারী যানবাহন চলাচল করতে পারছে না। সড়কটির বিকল্প পথ হিসেবে দুপচাঁচিয়া থেকে বগুড়া হয়ে জয়পুরহাট যাতায়াত করছে এসব যানবাহন। তবে বিকল্প এই পথে যেতে প্রায় ৯০ কিলোমিটার পথ বেশি চলতে হয় যানবাহনগুলোকে।উপজেলার ধান-চাল ব্যবসায়ী মেসার্স গৌতম রাইস মিলের মালিক গৌতম কুমার বসাক বলেন, এই সড়ক দিয়ে দিনাজপুর হিলি স্থলবন্দর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ধান-চাল ট্রাকযোগে আনতে খরচ কম পড়ে। কিন্তু দীর্ঘদিন হয়, রাস্তাটির অবস্থা এতটাই খারাপ হয়েছে যে, মালবোঝাই কোনো ট্রাক এ রাস্তা দিয়ে চলাচল করতে চায় না। ফলে বর্তমানে ধান-চাল বোঝাই ট্রাক বগুড়া হয়ে এ পথে আসতে হয়। এতে মালের খরচ বেশি পড়ে যাচ্ছে।সরেজমিন গিয়ে দেখা যায়, দুপচাঁচিয়া উপজেলার অধীনে এ সড়কটির সাড়ে আট কিলোমিটারের অবস্থা খুবই শোচনীয়। সড়কটির প্রায় সব স্থান খানখন্দে ভরা। বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গার দুই পাশের মাটি সরে গেছে। এই সড়ক পথে চলাচলকারী ভটভটিচালক ওমর আলী বলেন, ‘এমনিতেই হামাকেরে গাড়ি ঠুকনাত উল্টা যায়। তারপর এই রাস্তার যে অবস্থা, তাতে ইচ্ছা করলেই জোরে যাওয়া যায় না। গাড়িত মালামাল লিয়া রাস্তার ভাঙাচোড়া দিয়া যাতে কতবার যে আল্লার নাম লেওয়া লাগে তার হিসাব ন্যাই। বেশি গর্তের মধ্যে দিয়্যা পার হতে তিন চাকার ভটভটি প্রায় সময়ই গর্তের মধ্যে আটকে পড়ে। সামান্য কয়হাত রাস্তা ভালো করলে আপদ মিটা যায়। তা কারও করে না।’বাসে চড়া রাস্তায় নিয়মিত যাতায়াতকারী যাত্রী রোকেয়া বেগম (৩৫) বলেন, স্থানীয় একটি এনজিওতে চাকরির কারণে প্রতিদিনই এই রাস্তা দিয়ে চলাচল করি। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, বাসের সিটে ঠিকমতো বসে থাকা যায় না। বাসের ঝাঁকুনেতে শরীরে ব্যথা ধরে থাকে, রাতে ঠিকমতো ঘুম হয় না। উপজেলা প্রকৌশল বিভাগ সূত্র জানায়, সড়কটি মেরামতের জন্য বড় ধরনের অর্থ বরাদ্দের প্রয়োজন। বছরে যে সামান্য বরাদ্দ আসে তা দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হয়। গত অর্থবছরে সংস্কারকাজে প্রায় ৬২ লাখ ৪৭ হাজার টাকা খরচ করা হয়েছে। এ বছর মেরামতের জন্য এক কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন অফিসে পাঠানো হয়েছে।উপজেলার চামরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নয়ন চন্দ্র দাস বলেন, ‘রাস্তাটির এক অংশে কাজ হলে আরেক অংশ নষ্ট হয়। বড় ধরনের একটি প্রকল্প করে পরো রাস্তা মেরামত হওয়া দরকার। এ রাস্তার ব্যাপারে উপজেলা প্রকৌশল বিভাগে বেশ কয়েকবার জানিয়েছি।’ উপজেলা প্রকৌশলী সুশান্তরঞ্জন রায় বলেন, আসলে সড়কটি ভারী যানবাহন চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়নি। তাই একটু ভারী যানবাহন চলাচল করলেই সড়কটি নষ্ট হয়ে পড়ে।