নোয়াখালী সদর পৌর নির্বাচন
৮ কেন্দ্রের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের তফসিল কেন নয়: হাইকোর্ট
নোয়াখালীর সদর পৌরসভার আটটি কেন্দ্রের নির্বাচন বাতিল করে আবার নির্বাচনের তফসিল কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।আজ সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, নোয়াখালীর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, ১৮ জানুয়ারি পৌরসভাটির নির্বাচন হয়। তবে ১৭টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিল করা হয়। কিন্তু একই অভিযোগ থাকা আটটি কেন্দ্রের ক্ষেত্রে তা করা হয়নি। এ ঘটনায় আট কেন্দ্রের নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার নির্দেশনা চেয়ে বর্তমান মেয়র হারুন অর রশীদ গতকাল রোববার রিট করেন। শুনানি শেষে আজ আদালত রুল জারি করেন।হারুন অর রশীদের পক্ষে মামলা পরিচালনা করেন শ ম রেজাউল করিম। তিনি প্রথম আলোকে বলেন, আদালত রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্বাচন কমিশনে করা হারুন অর রশীদের আবেদনটি দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন।