৮ দিনের রিমান্ড শেষে ডিউক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিন দফায় ৮ দিনের রিমান্ড শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিউককে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানায়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ আদালতে ৫ জন আইনজীবী ডিউকের সঙ্গে দেখা করার জন্য আবেদন করলে আদালত তাঁদের সঙ্গে ১৫ মিনিট আইনগত বিষয়ে কথা বলার সুযোগ দেন।উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন ও লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) সাইফুল ইসলাম জোয়ার্দারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার অভিযোগে সিআইডি ডিউককে গ্রেপ্তার করে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে (২০০১-০৬) ডিউক তাঁর একান্ত সচিব ছিলেন।