৮ দিনের রিমান্ডে জেসমিন
হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় গ্রুপটির চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে দুটি মামলায় জিজ্ঞাসাবাদে চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খানের আদালতে আসামি জেসমিন ইসলামকে হাজির করে রমনা থানার ৮ ও ৯ নম্বর মামলায় সাত দিন করে মোট ১৪ দিন রিমান্ডের আবেদন জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুনানি শেষে বিচারক দুটি মামলায় চার দিন করে আট দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। গত ১৯ অক্টোবর রমনা থানার ১০ নম্বর মামলায় জেসমিন ইসলামকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে রমনা থানার ১২ নম্বর মামলায় গত ৬ নভেম্বর তানভীর মাহমুদ, তুষার আহমেদ ও সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম আজিজুর রহমানকে আট দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। আজ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন শুনানি না করে সময়ের আবেদন করা হয়েছে। বহুল আলোচিত হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। জেসমিন ইসলামের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।