অধ্যাদেশের মাধ্যমে বার কাউন্সিল আইন সংশোধনের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবেন আইনজীবীরা। আজ শনিবার বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। বার কাউন্সিলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাহবুব হোসেন অবিলম্বে অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ভারত-পাকিস্তানসহ বিশ্বের কোনো দেশেই আইনজীবীদের প্রতিষ্ঠানে সরকারের হস্তক্ষেপ করার নজির নেই। সরকার নির্বাচিত সদস্যদের মাধ্যমে পরিচালিত বার কাউন্সিলকে পঙ্গু করতে এবং এর ওপর নির্বাহী বিভাগের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এই সংশোধনী এনেছে। তিনি জাতীয় সংসদের আগামী অধিবেশনে এই অধ্যাদেশ অনুমোদন না করতে সাংসদদের প্রতি আহ্বান জানান। গত ২১ অক্টোবর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে ‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২’ সংশোধন করা হয়েছে। এতে বলা হয়েছে, বার কাউন্সিলের সচিব সরকার কর্তৃক নিয়োগ করা হবে। সরকারের পূর্বানুমোদন ছাড়া বার কাউন্সিল পরিচালনার জন্য কোনো বিধান প্রণয়ন করা যাবে না। এ ছাড়া অধ্যাদেশের মাধ্যমে আইনজীবীদের নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে বিচারকদের সমন্বয়ে এনরোলমেন্ট কমিটি গঠনের বিধান করা হয়েছে। মাহবুব হোসেন বলেন, বার কাউন্সিলের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রথমবারের মতো নিম্ন আদালতে ন্যূনতম ২০ বছর আইন পেশায় নিয়োজিত বিজ্ঞ আইনজীবীদের হাইকোর্টে কাজ (প্র্যাকটিস) করার বিধান চালু করেছে। বর্তমান সংশোধনীর কারণে এই বিধান বাধাগ্রস্ত হতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সদস্য সাংসদ মাহবুব উদ্দিন, সানাউল্লা মিয়া, এ জে মোহাম্মদ আলী প্রমুখ।