৮ পুলিশ নিহত, আহত ৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গত সাড়ে চার মাসের সহিংসতায় নিহত হয়েছেন আট পুলিশ সদস্য। এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জেই পিটিয়ে হত্যা করা হয়েছে চারজনকে। বাকি চারজনকে হত্যা করা হয় চট্টগ্রামের লোহাগাড়া, ঝিনাইদহের হরিণাকুণ্ডু, খুলনার কয়রায় ও রংপুরের পীরগাছায়। আহত হয়েছেন পাঁচ শতাধিক পুলিশ সদস্য। তবে এই সাড়ে চার মাসে পুলিশের ওপর কতবার হামলা হয়েছে, তার কোনো হিসাব নেই পুলিশের কাছে। সহিংসতা, হরতাল ও বিক্ষোভের সময় পুলিশের ১২৯টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে ৩৭টি যানবাহন। পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য পাওয়া গেছে।গত ৫ নভেম্বর রাজধানীর মতিঝিলে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার মাধ্যমে সহিংসতার সূচনা হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে মাঠে নামে দলটি। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সেদিন থেকেই মিছিল থেকে হঠাৎ করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, রাস্তা ও যানবাহন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, হরতালের আগে বাস-ট্রাক-ট্রেনে আগুন দেওয়ার মতো চরম নাশকতা শুরু করে দলটি। সর্বশেষ হরতালে গাছ কেটে রাস্তায় ফেলে অবরোধ তৈরি করা, রেললাইন উপড়ে ফেলার মতো প্রকৃতি ও মানবতার বিরুদ্ধে সহিংসতা শুরু করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় জামায়াত-শিবিরের সমর্থকেরা। সেদিন গাইবান্ধার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে পিটিয়ে-কুপিয়ে হত্যা করা হয়। ওই দিনই চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় কর্তব্য পালনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর পুলিশের ওপর হামলা চালায় জামায়াত-শিবির। সেখানেই কুপিয়ে-পিটিয়ে আহত করা হয় তিন পুলিশ সদস্যকে। পরে এক পুলিশ সদস্য মারা যান। ছিনিয়ে নেওয়া হয় পুলিশের একটি অস্ত্র, যা পরে উদ্ধার করা হয়।ঝিনাইদহে জামায়াত-শিবিরের সমর্থকেরা পিটিয়ে ও কুপিয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১৭ পুলিশ ও আনসার সদস্যকে আহত করে। এদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১ মার্চ জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। ওই দিন নীলফামারীর জলঢাকা থানার রাজারহাটে জামায়াত-শিবিরের সশস্ত্র কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করেন। হামলায় বিজিবির একজন সদস্য গুরুতর আহত হলে বিজিবি ১০টি গুলি ছোড়ে। এতে একজন নিহত হন।৩ মার্চ হরিণাকুণ্ডুতে কুপিয়ে হত্যা করা হয় এক পুলিশ সদস্যকে। ওই দিন বগুড়া সদরের পাঁচটি পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয় জামায়াত-শিবির। হামলা করা হয় শাজাহানপুর থানায়ও। একই দিনে সাতক্ষীরায় বিজিবির গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বিজিবির তিনজন সদস্য আহত হন। ৫ মার্চ রংপুরের পীরগাছায় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক পুলিশ সদস্য।১০ মার্চ খুলনার কয়রায় আসামি ধরতে গিয়ে গুলিতে নিহত হন পুলিশের এক সদস্য।ক্ষতিগ্রস্ত যানবাহন: পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত ৫ নভেম্বর থেকে ৬ মার্চ পর্যন্ত ঝটিকা হামলা করে পুলিশ, র‌্যাব ও বিজিবির ৯২টি যানবাহনে ভাঙচুর করেছে জামায়াত-শিবির। ছয়টি বাস, আটটি হিউম্যান হলার, ৩৩টি পিকআপ ভ্যান, তিনটি মাইক্রোবাস, সাতটি ট্রাক, ১১টি মোটরসাইকেল, পাঁচটি জিপ ও রিকুইজিশন করা একটি বাসসহ দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময়ের মধ্যে র‌্যাবের দুটি টহল গাড়িসহ ১২টি গাড়ি ও একটি মাইক্রোবাসও ক্ষতিগ্রস্ত হয়। বিজিবির তিনটি টহল পিকআপের কাচ ভাঙচুর করা হয়। একইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩৭টি যানবাহন। এর মধ্যে রয়েছে ১০টি মোটরসাইকেল, ছয়টি ট্রাক, তিনটি বাস, রিকুইজিশন করা তিনটি যানবাহন এবং বাকিগুলো জিপ ও পিকআপ।